তারাকান্দায় আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। আজ শুক্রবার রাতে কাকনি ইউনিয়নের গোয়াতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের পর শুক্রবার রাত পৌনে আটটার দিকে গোয়াতলা বাজারে এই দুই প্রার্থীর কর্মী–সমর্থকেরা অবস্থান নেওয়ায় উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়। এ সময় তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরসহ উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা গোয়াতলা বাজারে অবস্থান করছিলেন।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কাকনি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমান এবং বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারণায় অংশ নিতে শুক্রবার বিকেল থেকে আওয়ামী লীগ প্রার্থী মশিউর রহমান ও বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক তালুকদারের কর্মী–সমর্থকেরা ইউনিয়নের গোয়াতলা বাজারে জড়ো হন। সন্ধ্যার দিকে দুই প্রার্থীর কর্মীরা মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের লোকদের হাতে লাঠিসোঁটা থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তি কোনো পক্ষের নন বলে জানা যায়। তিনি গোয়াতলা বাজারে ব্যবসা করেন।

সংঘর্ষের খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ প্রতিবেদন লেখার সময় (রাত পৌনে আটটা) পর্যন্ত গোয়াতলা বাজারের পরিবেশ থমথমে ছিল বলে জানান স্থানীয় লোকজন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। সামান্য সংঘর্ষের পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। একজন আহত হয়েছেন বলে জেনেছি। তবে তাঁর নাম এবং তিনি কোনো পক্ষের কি না, সেটি এখনো জানতে পারিনি।’