তারাকান্দায় করোনা ডেডিকেটেড হাসপাতাল চালুর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে নবনির্মিত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে ডেডিকেটেড করোনা ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহে ৫০ শয্যার নবনির্মিত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেডিকেটেড করোনা ইউনিট চালু করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এটি চালু হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ কম হবে।

গত বছর করোনার প্রকোপ বৃদ্ধি পেলে ময়মনসিংহে ডেডিকেটেড করোনা ইউনিট চালু নিয়ে সংশয় দেখা দেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫ম থেকে ৮ম তলায় অন্যান্য ওয়ার্ড স্থানান্তর করে ২১০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা ইউনিট চালু করা হয়। এরপর থেকে এখানেই করোনা চিকিৎসা চলছে। বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা ছাড়াও সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাজীপুর জেলা থেকেও রোগীরা এখানে ভর্তি হন।

রোগীর চাপ অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় করোনা ইউনিটের শয্যাসংখ্যা বৃদ্ধি করে ৪০০–তে উন্নীত করা হয়। নতুন ভবনের ৩য় তলা থেকে ৮ম তলা করোনা ও উপসর্গে আক্রান্ত রোগীদের চিকিৎসাকাজে ব্যবহৃত হচ্ছে। তারপরও রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছিল না। ৫ আগস্ট সর্বোচ্চ ৫৮০ জন রোগী ভর্তি ছিলেন ময়মনসিংহ মেডিকেলে। হাসপাতাল কর্তৃপক্ষকে ‘শয্যা খালি নেই’ লেখাসংবলিত সাইনবোর্ড টানাতে দেখা যায়।
রোগীর মৃত্যুর সংখ্যাও ক্রমাগত বাড়ছিল। চলতি আগস্টে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৩২০ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে গত জুলাই মাসে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল। গড়ে প্রায় ১৮ জনের মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোতে করোনা ইউনিট চালুর আহ্বান জানালে ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় কমিউনিটি বেইজড মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার করোনা ওয়ার্ড চালু করা হয়।

আগামীতে করোনার প্রকোপ বৃদ্ধি পেলে রোগীদের স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে, এই ধারণায় তারাকান্দায় উদ্বোধনের অপেক্ষায় থাকা নতুন স্বাস্থ্য কমপ্লেক্সে ডেডিকেটেড করোনা হাসপাতাল চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন নজরুল ইসলাম। এ ব্যাপারে মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমতি পেলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
চিকিৎসক নিয়োগ বা চিকিৎসাসেবা প্রদানের ব্যাপারে জানতে চাইলে সিভিল সার্জন জানান, প্রাথমিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এনে চিকিৎসা দেওয়া হবে। যেহেতু এখানে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই, তাই সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন সেবা দেওয়া হবে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মতিউর রহমান ভূঁইয়া বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ময়মনসিংহ মেডিকেলের ওপর চাপ কমবে এবং রোগীরা অধিকতর ভাল সেবা পাবেন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক জানান, করোনা রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেডিকেটেড করোনা হাসপাতাল চালু করার সুপারিশ করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান তিনি।