তারাগঞ্জে পাঁচ দিনে পাঁচটি মোটরসাইকেল চুরি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরি বেড়েই চলছে। পাঁচ দিনের ব্যবধানে পাঁচটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের সামনে থেকে এবং গত বুধবার রাতে চেতনানাশক স্প্রে করে চোরেরা ঘর থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া লাশ দাফনের সময় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা একটার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাপাড়া গ্রামের মিজানুর রহমান জুমার নামাজ পড়ার জন্য নিজ বাড়ি থেকে কালো রঙের একটি ডিসকভার মোটরসাইকেলে করে ওই জামে মসজিদের (উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর নদীর পাড় জামে মসজিদ) উদ্দেশে রওনা হন। বেলা দেড়টার দিকে জামাত শুরু হলে তিনি মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজে অংশ নেন। এই সুযোগে চোরেরা লক খুলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে ঘটনাটি মিজানুর মুঠোফোনে তারাগঞ্জ থানা–পুলিশকে জানান।
এদিকে বুধবার রাতে কুর্শা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডেকন খান তাঁর নীল রঙের একটি পালসার ও কালো রঙের একটি অ্যাপাসি মোটরসাইকেল ঘরে রেখে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন। চোরেরা রাতে ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। এরপর ঘরের ও বারান্দার তালা কেটে মোটরসাইকেল দুটি চুরি করে নিয়ে যায়। পরের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ডেকন খানের বাড়িতে কাজ করতে আসা লোকজন ডাকাডাকি করে ডেকন খান ও তাঁর পরিবারের লোকজনদের ঘুম ভাঙান। ঘুম ভেঙেই তাঁরা দেখতে পান মোটরসাইকেল দুটি চুরি হয়ে গেছে।
এ ছাড়া গত মঙ্গলবার দিবাগত রাতে পাশের অনন্তপুর গ্রামের ইমরান হোসেনের বাড়ি থেকেও একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়েছে। ইমরান হোসেন জানান, ‘ঘরের বারান্দায় মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পড়েছিলাম। রাত ২টার দিকে বাথরুমে যাওয়ার সময় মোটরসাইকেলটি বারান্দায় ছিল। ফজরের নামাজ পড়তে উঠে দেখি বারান্দার তালা কেটে মোটরসাইকেলটির লক খুলে চোরেরা নিয়ে গেছে।’
অন্যদিকে উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামে মোজাহার হোসেনের স্ত্রী রশিদা বেগমের লাশ দাফন করতে এসে মোটরসাইকেল খোয়া গেছে বদরগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের হাসিনুজ্জামান বাদশার। হাসিনুজ্জামান জানান, রশিদা সম্পর্কে তাঁর দাদি শ্বাশুড়ি হন। গত সোমবার বিকেল ৪টার দিকে তাঁর লাশ দাফন করতে দোয়ালীপাড়া গ্রামে আসেন। ওই গ্রামের তকেয়া মসজিদের সামনে তাঁর ১০০ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল রেখে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করতে যান। এই সুযোগে চোরেরা তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে ।
কুর্শার ইউপির চেয়ারম্যান আফজালুল হক বলেন, তারাগঞ্জে হঠাৎ মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। কুর্শা ইউনিয়নে তিন দিনে চারটি মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার মসজিদের সামনে থেকেও চোরেরা একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।
জানতে চাইলে তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম তালুকদার মুঠোফোনে বলেন, শুক্রবার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা মুঠোফোনে তাঁকে জানানো হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় আমি চিন্তিত হয়ে পড়েছি। ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠিয়ে তদন্ত করছি। চোরকে ধরতে ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারেও বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে।’