তারাগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে আহত হয়েছেন বাসের অন্তত পাঁচ যাত্রী।
রংপুরের তারাগঞ্জের বালাপাড়া-বরাতি মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে গতকাল শুক্রবার রাত নয়টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাবেদ আলী (৪৮) তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী থ্রি স্টার পরিবহন নামের যাত্রীবাহী বাসটি তারাগঞ্জের বরাতি এলাকায় পৌঁছালে ছাবেদ আলীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেল নিয়ে ছাবেদ আলী বরাতি বাজারের দিকে যাচ্ছিলেন। সড়কে মোড় নেওয়ার সময় বাসটি মোটরসাইকেলে ধাক্কা দেয়।
মোটরসাইকেলে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লাগে বাসটির। পরে তা গাছ উপড়ে নিচের খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। গুরুতর আহত ছাবেদ আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী প্রধান বলেন, আহত পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফিরে গেছেন। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।