তারাগঞ্জে ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়ের অভিযোগ
রংপুরের তারাগঞ্জে এসএসসি এবং দাখিলের ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হতে পারে এমন আশঙ্কায় পরীক্ষার্থী-অভিভাবক কেউ এ বিষয়ে প্রতিবাদ করছেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫১০, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রে ৫২১ এবং তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩১৯ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী অভিযোগ করে, লিখিত পরীক্ষার শেষ দিনে ১ মার্চ ব্যবহারিক পরীক্ষার জন্য বিষয়প্রতি ১৫০ টাকা করে নিয়ে যেতে বলেছেন তাদের নিজ বিদ্যালয় ও মাদ্রাসার সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকেরা। টাকা না দিলে ফেল করিয়ে দেওয়া হতে পারে, এমন হুমকিও দেওয়া হয়েছিল। বাধ্য হয়ে তারা পরীক্ষা শুরুর আগে ব্যবহারিক পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের কাছে প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা করে জমা দিয়েছে।
তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা কেন্দ্রের একাধিক পরীক্ষার্থী জানায়, শিক্ষকেরা তাদের কাছ থেকে বিষয়প্রতি ১৫০ টাকা নিয়েছেন। কেউ কম দিতে চাইলেও শিক্ষকেরা নেননি। ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় এখন যেন ‘নিয়ম’ হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া একজন পরীক্ষার্থী অভিযোগ করে, ব্যবহারিক পরীক্ষার প্রথম দিন টাকা না দেওয়ায় তাকে প্রথমে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। পরে ধার করে টাকা দেওয়ার পর সে পরীক্ষা দিতে পেরেছে।
তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ কেন্দ্রে অংশ নেওয়া কয়েক জন পরীক্ষার্থীর অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, এ কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নামে টাকা আদায় নতুন কিছু নয়। টাকা না দিয়ে পরীক্ষার্থীরা পার পায় না।
জানতে চাইলে তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজের কেন্দ্রসচিব সফিকুল ইসলাম মুঠোফোনে গতকাল শনিবার বলেন, ‘আমি কারও কাছ থেকে একটি টাকাও নিইনি। অন্য কেউ টাকা নিলে তার দায় আমার নয়।’
তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব আলতাফ হোসেন গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। এখন ঢাকা যাচ্ছি। ফিরে এসে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব।’
তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসার কেন্দ্রসচিব এস এম আবদুস সালাম মুঠোফোনে বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এখন তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন, পরে কথা বলবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম বলেন, ‘ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায় সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে কথা বলব।’