তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২২
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী রংপুরগামী বিআরটিসির বাসের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী নুরানী ট্রাভেলস নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিআরটিসি বাসটি সড়ক থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বনি রানী (৩২) নামের এক নারী নিহত হন। ওই নারী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রামে তাঁর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি রংপুর সদর উপজেলার পাগলাপীরে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে তিন বছরের মেয়ে ছিল।
আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তারাগঞ্জের আলমপুর গ্রামের বাবু মিয়া (৩৬), হারুন অর রশিদ (২৮), রংপুর জুম্মাপাড়া গ্রামের আয়েশা সিদ্দিকা (৩২), ঠাকুরগাঁও জেলা সদরের রাজা মিয়াকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঘটনাস্থলে গিয়েছেন তিনি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। গাড়ি দুটি উদ্ধারে কাজ চলছে।