তারাগঞ্জে সেচ ক্যানেল ভরাট করে বসতি গড়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাউবো সেচ ক্যানেল ভরাট করে এভাবেই বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। তারাগঞ্জ, রংপুর, ১২ আগস্ট
ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সেচ ক্যানেল থেকে ইট চুরি হয়ে যাচ্ছে। গত ২০ বছরে ৩ কিলোমিটার ক্যানেলের প্রায় আড়াই কিলোমিটার অংশের ইট চুরি হয়ে গেছে।

ক্যানেলের দুই পাশের গ্রামের লোকেরা ওই ইট চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া অনেকে ক্যানেল ভরাট করে বাড়ি করেছেন। এদিকে ওই চুরি যাওয়া ইট ক্যানেলের পাড়ে রেখে যেতে পাউবো এলাকায় মাইকিংও করেছে।

সৈয়দপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার বলেন, ওই এলাকার ঘরে ঘরে সেচ ক্যানেলের ইট রয়েছে। চুরি করে নিয়ে যাওয়া ইট ক্যানেলের পাড়ে রেখে যাওয়ার জন্য পাঁচ দিন আগে মাইকিং করা হয়েছে। কেউ যদি নিজ দায়িত্বে ইট ফেরত না দেয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হবে। যাঁরা ইট দিয়ে বিল্ডিং তৈরি করেছেন, তাঁদের বিল্ডিং ভেঙে ইট উদ্ধার করা হবে।

স্থানীয় লোকজন ও সৈয়দপুর পাউবো সূত্রে জানা যায়, হালকা সেচ প্রকল্প ও এর আওতায় দেশ স্বাধীনের আগে ইকরচালী ইউনিয়নের বিভিন্ন মাঠে সেচ দেওয়ার জন্য যমুনেশ্বরী নদীর শাহপাড়ার কাছ থেকে বৈষ্টমপাড়া পর্যন্ত ইট–সিমেন্ট দিয়ে তিন কিলোমিটার সেচ ক্যানেল নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিন সেচপাম্পটি বন্ধ থাকায় ওই সেচ ক্যানেল অচল হয়ে পড়ে। এই সুযোগে এলাকার অনেকে ক্যানেলের ইট চুরি করে নিয়ে যায়।

আজ শনিবার সরেজমিনে দেখা গেছে, তিন কিলোমিটার ওই সেচ ক্যানেলের প্রায় আড়াই কিলোমিটার অংশে ক্যানেলের কোনো অস্তিত্ব নেই। ইট তুলে নিয়ে মাটি ভরাট করে অনেকে বাড়ি করেছেন। কেউ কেউ তা দখল করে চাষাবাদ করছেন।

কথা হয়, শাহপাড়া গ্রামের ৭৫ বছরের বৃদ্ধ রঞ্জিত দাসের সঙ্গে। তিনি বলেন, ‘হামার এই এলাকাটা খুব উঁচা। আগোত এটে চাষাবাদ হছলো না। ঝাড়-জঙ্গল ছিল।

সেচপাম্পটা নদীর পাশোত বসার পর হামরা কম খরচে নদীর পানি দিয়া সারা বছর এটে ধান, সবজির আবাদ করছেনো। কিন্তু পাম্পটা বন্ধ হওয়ার পর থাকি এটে আগের মতন ফসল হওছে না। এ্যালা বেশি দাম দিয়া শ্যালো মেশিনের পানি কিনি আবাদ করবার নাগেছে।’

রঞ্জিত দাসের পাশে দাঁড়িয়ে থাকা নারায়ণজন গ্রামের জছিকুল ইসলাম বলেন, ‘গ্রামের কায়ও কায়ও ক্যানেল ভাঙি ইট চুরি করি নিগি বাড়ি বানাইছে। মেলা মানুষ ক্যানেলের জায়গা দখল করি আবাদ করি খাওছে। কায়ও ক্যানেলের ওপর বাড়ি বানেয়া আছে।’
শাহপাড়ার মোড়ে ক্যানেলের জায়গা ভরাট করে বাড়ি করে আছেন আনছার আলী। তাঁর বাড়ি ছিল উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের জলুবার গ্রামে। জানতে চাইলে আনছার বলেন, ‘মোর কোনো জমিজমা নাই। ওই জন্য ভাঙা ক্যানেলোত মাটি ভরাট করি টিনের ঘর তুলি আছুন। মুই তো গ্রামের অন্য মাইনষের মতন ক্যানেলের ইট চুরি করো নাই।’

ক্যানেলের জায়গায় ধান চাষ করেছেন বরাতি গ্রামের শামছুল হক। তিনি বলেন, ‘ভাইজান, আগোত এই ক্যানেলের পাশ দিয়া ট্রাক গেছলো। এ্যালা তো হাটি যাবার উপায় নাই। খালি মোর দোষ করেন কেন? কনেলের পাশোত যার জমি আছে, তায় তায় ক্যানেল দখল করি খাওছে। ধান নাগাওছে, সবজি আবাদ করি খাওছে। পাউবোর লোকও কিছু কওছে না।’

বানিয়াপাড়া গ্রামের শরিফুল ইসলাম বলেন, যে যেভাবে পারছে, ক্যানেল দখল ও ইট চুরি করছে। গ্রামের প্রতিটি ঘরে এই ক্যানেলের ইট আছে। কিছুদিন আগে পাউবোর লোকজন বরাতি গ্রামের বাসিন্দা লক্ষ্মীপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার শিক্ষক আশরাফুজ্জামান মুকুলের বাড়ি থেকে চার হাজার ইট উদ্ধার করেন।

জানতে চাইলে আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘ওই ক্যানেলে সেচপাম্পের তত্ত্বাবধায়নকারী ছিলেন আমার বাবা আবদুস সাত্তার। এলাকার বিভিন্ন লোক বিভিন্ন সময় ওই ক্যানেলের ইট চুরি করে নিয়ে যাওয়ার সময় তা উদ্ধার করে এনে বাড়িতে সংরক্ষণ করে রাখা হয়। ১১৯৮ থেকে ২০২১ সাল পর্যন্ত আমার বাড়িতে সংরক্ষিত ইট পাউবো কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। ইট চুরির প্রশ্নই আসে না।’