তারেক মাসুদ ও মিশুক মুনীরের দুর্ঘটনা মামলার রায় বুধবার
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামী বুধবার। গতকাল রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নুতন চলচ্চিত্রের দৃশ্যায়নের নির্ধারিত স্থান দেখে মাইক্রোবাসে ঢাকায় ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় তাঁদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা আরও কয়েকজন আহত হন। এ ঘটনায় ওই দিন ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে বাসচালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন। মামলার ৩৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আফছারুল ইসলাম এবং আসামিপক্ষে আইনজীবী মাধব সাহা মামলাটি পরিচালনা করেন।