রাজশাহী নগরের কাপড়পট্টি
তারের জঞ্জালে আগুনের ঝুঁকি
কাপড়পট্টিতে প্রায় ২৫০টি কাপড়ের দোকান, ১০০টি গুদাম ও ৫ থেকে ৭টি আবাসিক ভবন আছে। এর সবগুলোই পুরোনো।
একটু বাতাস বা বৃষ্টি হলেই বিদ্যুতের তারে আগুন জ্বলে। কখনো কখনো আগুন লেগেও যায়। সেই আগুন নেভাতে অনেক সময় ফায়ার সার্ভিসকেও খবর দিতে হয়। গত কয়েক বছরে রাজশাহী নগরের সাহেববাজার এলাকার কাপড়পট্টিতে অন্তত ১০ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দড়িতে জড়িয়ে বৈদ্যুতিক তার টানার কারণেই এ ঝুঁকি তৈরি হয়েছে।
কাপড়পট্টিতে প্রায় ২৫০টি কাপড়ের দোকান, ১০০টি গুদাম ও ৫ থেকে ৭টি আবাসিক ভবন আছে। এর সবগুলোই পুরোনো। বিদ্যুৎ বিভাগ বলছে, কাপড়পট্টির ভবনমালিকেরা ভবনের মাঝামাঝি জায়গায় বৈদ্যুতিক খুঁটি বসাতে দেন না। অন্যদিকে বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বিদ্যুৎ বিভাগ তাঁদের সহযোগিতা নেয় না। তাঁরা সহযোগিতা করতে চান।
সম্প্রতি সাহেববাজারের কাপড়পট্টিতে গিয়ে দেখা যায়, ঝুলন্ত তার যাতে নিচে পড়ে না যায়, সে জন্য নিচ থেকে বাঁশ দিয়ে ঠেকা দেওয়া হয়েছে। পোরশা বস্ত্রালয় নামের একটি দোকানের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি আছে। ওই খুঁটির সঙ্গে অরক্ষিতভাবে বিদ্যুতের তার জড়িয়ে রাখা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, গত ২৫ সেপ্টেম্বর মার্কেটের মিটারের সামনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নেভান। আরেকটু দেরি হলেই পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ত। মার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মী অভিযোগ করে বলেন, কাপড়পট্টিতে বিদ্যুতের সমস্যা লেগেই থাকে। প্রায় প্রতিদিনই ফোন করে বিদ্যুতের লোকজনকে ডাকতে হয়।
কয়েক দিন আগে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মার্কেটের ভেতর একটি খুঁটি বসানো হয়েছে। কিন্তু ওই খুঁটির সঙ্গে এখনো কোনো তার টানা হয়নি। এ খুঁটির পূর্ব পাশে নতুন একটি ভবনের দেয়াল তোলা হচ্ছে। এখন এই খুঁটিতে তার টানতে হলে দেয়াল ভাঙতে হবে। সরেজমিনে নির্মাণাধীন ভবনের মালিককে পাওয়া যায়নি।
পাশের এক দোকানদার জানালেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে এ খুঁটি তুলে ফেলার জন্য বিদ্যুৎ বিভাগকে জানানো হয়েছে। কিন্তু এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে খুঁটি তুলে কোথায় বসালে সমস্যার সমাধান হবে, জানতে চাইলে তাঁরা আর কোনো জায়গার কথা বলতে পারেননি।
সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা জানান, রাজশাহীর বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) কার্যালয়ে তাঁরা প্রায় দেড় বছর আগে এ সমস্যা নিয়ে একটি আবেদন জমা দিয়ে এসেছেন। কিন্তু নেসকো কোনো ব্যবস্থাই নেয়নি।
নেসকোর নির্বাহী প্রকৌশলী অনিত রায় বলেন, রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের মধ্যে কাজটি ধরা আছে। কিন্তু ওখানে ভবনমালিকেরা কাজ করার মতো জায়গা দেন না। খুঁটি বসানোরও জায়গা দিতে চান না। এটাই এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।