তালাক দেওয়া নিয়ে ক্ষোভ, সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

জামালপুর শহরে এক তরুণের বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। লোকজন ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।  মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তির সাবেক স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের তমালতলা এলাকায় ঘটনাটি ঘটে।

আটক যুবকের নাম মো. শাহীন আলম। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ গ্রামের বাসিন্দা। আহত নারীর নাম সাবিনা ইয়াসমিন। তিনি একই উপজেলার জোকাকুঁড়া গ্রামের মেয়ে। সাবিনা জামালপুরের একটি বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন ও সাবিনা সাড়ে তিন বছর আগে পালিয়ে বিয়ে করেন। সাবিনা আড়াই মাস আগে শাহীনকে তালাক দেন। কিন্তু শাহীন এই বিষয়টি মেনে নিতে পারেননি।

সাবিনা জামালপুর শহরে একটি মেসে থেকে পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন। শনিবার বিকেলে তিনি শহরের তমালতলা এলাকায় ইজিবাইকে করে যাচ্ছিলেন। এ সময় শাহীন তাঁর ইজিবাইকে উঠে বসেন। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ইজিবাইকের মধ্যেই শাহীন সাবিনাকে ছুরিকাঘাত করতে থাকেন। ছুরিকাঘাতের একপর্যায়ে সাবিনা রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন শাহীনকে ধরে ফেলেন। তাঁরা সাবিনাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শাহীনকে আটক করে।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল ইমরান বলেন, ওই নারীকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাঁর শরীরে চার থেকে পাঁচটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, ওই নারীকে ছুরিকাঘাত করার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরা শাহীনকে ঘটনাস্থল থেকে আটক করেছেন।