তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রীকে হত্যা করেন জাহিদ: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সাবেক স্ত্রী মৌসুমি আক্তারকে জাহিদ হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ
ছবি: প্রথম আলো

জামালপুরের মেলান্দহে ইটের ভাটায় পড়ে থাকা তরুণীর পরিচয় ও হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর এলাকার জামালপুর-ইসলামপুর সড়কের পাশের একটি পরিত্যক্ত ইটভাটার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দাবি, ওই তরুণীর নাম মৌসুমী আক্তার (২০)। তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামী জাহিদ হাসান (২২) তাঁকে কৌশলে ওই ইটভাটায় নিয়ে খুন করে লাশ ফেলে আসেন। এ ঘটনায় জাকির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত মৌসুমী আক্তারের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারী গ্রামে। আর জাহিদ হাসানের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর এলাকায়। তাঁরা দুজন গাজীপুরের টঙ্গী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেখানেই তাঁদের পরিচয়, পরবর্তী সময়ে প্রেম ও বিয়ে হয়।

শুক্রবার দুপুরে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে তাঁরা পাঁচ মাস সংসার করেন। জাহিদ হাসানের গ্রামের বাড়িতেও তাঁরা কয়েকবার ছিলেন। পারিবারিক কলহের কারণে এক মাস আগে মৌসুমী আক্তার স্বামী জাহিদ হাসানকে তালাক দিয়ে গ্রামের বাড়িতে চলে যান। এতে ক্ষুব্ধ হন জাহিদ। তিনি মুঠোফোনে মৌসুমীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। আবারও দুজন ঘর–সংসারের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে কৌশলে জামালপুর আনেন। পরে গত বুধবার রাতে অটোরিকশায় জাহিদ তাঁকে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে রড ও পরে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন এবং লাশ ফেলে সেখান থেকে পালিয়ে যান।

পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন প্রথম আলোকে বলেন, তাঁরা দুজনই দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পরে মৌসুমী আক্তার রাগারাগি করে তাঁকে তালাক দিয়ে চলে যান। এতেই চরম ক্ষুব্ধ হন জাহিদ হাসান। কৌশলে মৌসুমীকে ডেকে এনে হত্যা করেন। হত্যার কথা স্বীকারও করেছেন জাহিদ। গ্রেপ্তার ব্যক্তিকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হবে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।