তালায় ইউপি নির্বাচনে আধিপত্য নিয়ে দোকান ভাঙচুর-লুটপাট
সাতক্ষীরার তালা উপজেলার আসন্ন জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে আহত হয়েছেন পাঁচজন। মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার আটুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন তালা উপজেলার দোহার গ্রামের সাইদ গোলদার (৪৫), রবিউল ইসলাম (৩৮) এবং আটুলিয়া গ্রামের মশিয়ার রহমান (৪২), সাইদ (৩০) ও মঈনুর হোসেন (৪০)।
জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী ও আটুলিয়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মফিদুল হকের কর্মী-সমর্থকেরা আটুলিয়া বাজারের চায়ের দোকানে চা পান করছিলেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের ভাই সাদেক সরদার ও মোশারফ সরদারের নেতৃত্বে ২৫-৩০ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হঠাৎ হাতুড়ি ও লোহার রড নিয়ে হামলা করেন। মফিদুল হকের কর্মী-সমর্থকেরা বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ লাগে। একপর্যায়ে বাজারের কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। আহত হয়েছেন পাঁচজন। তাঁদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জালালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মফিদুল হক বলেন, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলামের নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তাঁর কর্মীরা অস্ত্র, রামদা ও হাতুড়ি নিয়ে মফিদুলের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন।
এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, পাঁচ বছর কোনো কাজ না করায় সাধারণ মানুষ বর্তমান চেয়ারম্যান মফিদুলের ওপর ক্ষিপ্ত। এ জন্য নিজেরা নাটক সাজিয়ে সাধারণ ভোটারদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।