তালায় গোপন বৈঠক থেকে মহিলা জামায়াতের ১৩ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালায় গোপন বৈঠক করার সময় মহিলা জামায়াতের ১৩ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াদাহ গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।


আটক নারীরা হলেন উপজেলার মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির জাহানারা বেগম, সেক্রেটারি সুফিয়া বেগম, দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানা, জামায়াত কর্মী আনোয়ারা বেগম, মর্জিনা খাতুন, মাছুরা বেগম, শেফালী বেগম, মারুফা খাতুন, মরিয়ম খাতুন, শিরিনা বেগম, ডলি সুলতানা, নুর জাহান খাতুন ও রওশানারা বেগম।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান তাঁদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী মহিলা জামায়াতের দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে নাশকতার পরিকল্পনা করতে সভা আহ্বান করা হয়েছিল।Ñওই সভা থেকে তাঁর নেতৃত্বে মহিলা জামায়াতের ১৩ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

ওসি হাসান হাফিজুর রহমান আরও জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলায় আটক ১৩ জন ছাড়াও পলাতক আরও ১৩-১৪ জনকে আসামি করা হবে। আসামিদের আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।

মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির জাহানারা বেগম জানান, তাঁরা আগে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন আর সংগঠন করেন না। রমজান মাসে একসঙ্গে নামাজ ও আলোচনার জন্য তাঁরা এক হয়েছিলেন।