তালায় ডিবি পুলিশের পোশাক, হাতকড়া, আগ্নেয়াস্ত্রসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাবের অভিযানে উদ্ধার হওয়া ডিবি পুলিশের পোশাক, হাতকড়া, আগ্নেয়াস্ত্র, গুলিসহ অন্যান্য জিনিসপত্র।
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে ডিবি পুলিশের পোশাক, ভুয়া পরিচয়পত্র, হাতকড়া, আগ্নেয়াস্ত্রসহ ছিনতাইকারী সন্দেহে পাঁচজনকে আটক করেছেন র‍্যাব-৬–এর সদস্যরা। গতকাল শুক্রবার রাতে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের হারুন-অর রশিদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে মেইন রোড থেকে তাঁদের আটক করা হয়।

আজ শনিবার দুপুরে র‍্যাব-৬–এর খুলনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, আটক ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ সংগঠিত করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০) ও মাহবুবুর রহমান (২৭)। তাঁদের কাছ থেকে একটি দেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, পিস্তলের দুটি কভার, পিস্তল বাঁধার একটি চেইন, একটি ওয়াকিটকি, ডিবি পুলিশের দুটি কটি, একটি ভুয়া পরিচয়পত্র, দুটি হাতকড়া, পুলিশের দুটি ফিল্ডক্যাপ, পুলিশের একটি বেল্ট, চারটি মুঠোফোন ও একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‍্যাব-৬–এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ ব্রিফিংয়ে বলেন, একটি ছিনতাইকারী চক্র সাতক্ষীরা–খুলনা সড়কের পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে গতকাল গোপন সূত্রে খবর পান র‍্যাব-৬–এর সদস্যরা। এরপর সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে ছিনতাই করে আসছিল। তাদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।