তালায় পাট চুরির অভিযোগে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’
স্বামীকে মারধরের প্রতিবাদ করায় সাতক্ষীরার তালায় নাছিমা খাতুন (৩৮) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিন সন্তানের জননী নাছিমা খাতুন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে।
নিহত গৃহবধূর স্বামী নাজের আলী শেখ বলেন, তাঁদের বাড়ির পাশে একটি ডোবায় পাট জাগ দেন একই এলাকার মনিরুল মোড়ল ও মিন্টু মোড়ল। কয়েক দিন আগে তাঁরা অভিযোগ তোলেন, জাগে দুই আঁটি পাট কম রয়েছে। তাঁর (নাজের) ও তাঁর স্ত্রী নাছিমা খাতুনের বিরুদ্ধে ওই পাট চুরির অভিযোগ তোলা হয়। পরে তাঁকে মারধর করেন ওই দুজন।
গতকাল সোমবার দুপুরে তাঁর স্ত্রী নাছিমা গভীর নলকূপের পানি আনতে যান। এ সময় মনিরুল ও মিন্টুর সঙ্গে দেখা হয়। নাছিমা তখন তাঁর স্বামীকে মারধরের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল, মিন্টুসহ চার-পাঁচজন মিলে নাছিমাকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে মাথায় আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে আনা হয়। গতকাল সকালে শারীরিক অবস্থার অবনতি হয়। ফলে নাছিমাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। পথে তাঁর মৃত্যু হয়।
তবে মারধরের অভিযোগ ওঠা দুজনের মধ্যে মনিরুল ইসলাম দাবি করেন, নাছিমা খাতুন তাঁদের গালিগালাজ করায় তাঁকে দু-চারটি চড় মারা হয়েছে। এতে তাঁর মৃত্যু হওয়ার কথা নয়। তিনি ধারণা করছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নাছিমার মৃত্যু হতে পারে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, ইতিমধ্যে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ূন কবিরকে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। ওই নারীর মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা শহরে পাঠানো হয়েছে।