তালিকাভুক্ত সন্ত্রাসী 'ছেঁড়া আকবর' প্রার্থী, প্রতিদ্বন্দ্বীরাও শঙ্কিত

তাঁর পরিচিতি ‘ছেঁড়া আকবর’ নামে। এলাকার লোকজন জানান, ১৯৯০ সালের দিকে বোমা বানাতে গিয়ে একবার আকবরের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এর পর থেকে সবাই তাঁকে ছেঁড়া আকবর নামে ডাকা শুরু করে। তবে আকবরের দাবি, ছোটবেলা থেকে একটু ছটফটে হওয়ায় বন্ধুরা তাঁর নাম ছেঁড়া আকবর বলে প্রচার করে।
২০০৮ সালে পুলিশ চট্টগ্রাম নগরের সন্ত্রাসীদের তালিকা তৈরি করে। সেই সন্ত্রাসী তালিকায় মোহাম্মদ আলী আকবর ওরফে ছেঁড়া আকবরের নাম রয়েছে। পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছেঁড়া আকবর এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম আলোকে জানান, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়তে নির্বাচনে লড়ছেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত থাকলেও দলে তাঁর কোনো পদ নেই।
শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলরের পদে লড়ছেন ১১ জন প্রার্থী। বর্তমান কাউন্সিলর জামায়াত-সমর্থিত মো. শামসুজ্জামান হেলালী এবারও প্রার্থী হয়েছেন। বিএনপি-সমর্থিত দুই প্রার্থী হচ্ছেন গোলাম মনসুর ও মো. বেলাল। ছেঁড়া আকবরসহ এই ওয়ার্ডে আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত আরও আটজন প্রার্থী আছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে মো. শামসুজ্জামান হেলালী প্রথম আলোকে বলেন, ‘আমি কিছু বলতে পারব না। ভুক্তভোগী লোকজন ব্যালটের মাধ্যমে রায় দেবেন।’
তবে নাম না প্রকাশের শর্তে কয়েকজন কাউন্সিলর প্রার্থীর অভিযোগ, ছেঁড়া আকবর দলবল নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন। তাঁর ভয়ে ভোটাররা শঙ্কিত। নির্বাচনের দিন ভয়ে লোকজন বাসা থেকে বের হবেন না।
তবে এই অভিযোগ অস্বীকার করে ছেঁড়া আকবর প্রথম আলোর কাছে দাবি করেন, জেল থেকে ছাড়া পাওয়ার পর থানায় তাঁর নামে একটি জিডিও হয়নি। আগের দুর্নাম দূর করতে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সন্ত্রাসীদের নতুন করে তালিকা হলে তাঁর নাম থাকবে না বলেও দাবি করেন তিনি।
এলাকার লোকজন তাঁকে কেন ভয় পান, জানতে চাইলে আকবর জানান, তিনি নিজেকে সংশোধন করেছেন। আগের সন্ত্রাসী আকবর এখন আর নন তিনি। লোকজনের মনে ধীরে ধীরে জায়গা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘সবার মন জয় করতে সময় লাগবে। নিজেকে বদলাতেই নির্বাচন করছি।’
অভিযোগ রয়েছে, পলিটেকনিক কলেজ এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চার কাঠা জমি দখল করে লোহার গুদাম তৈরি করেছেন আকবর। এ বিষয়ে তিনি বলেন, ‘জায়গাটি পড়ে থাকায় গুদাম বানিয়েছি। সিডিএতে দরখাস্ত করা হয়েছে বরাদ্দের জন্য’। বরাদ্দ পাওয়ার আগে কেন গুদাম বানানো হলো জানতে চাইলে বলেন, ‘পুরোনো স্ক্র্যাপ লোহার ব্যবসা করি তাই।’
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ, নাছিরাবাদ, সুগন্ধা, হিলভিউ, ও আর নিজাম, কসমোপলিটন আবাসিক এলাকা এবং নাছিরাবাদ শিল্প এলাকা নিয়ে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড। দেড় লাখ লোকের এই ওয়ার্ডের মূল সমস্যা মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও উঠতি সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, ছেঁড়া আকবরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজির অভিযোগে ১৭টি মামলা হয়েছিল। এর মধ্যে ১৬টি মামলায় বেকসুর খালাস পান তিনি। পুলিশ বলছে, সাক্ষীরা মুখ না খোলায় একের পর এক মামলায় খালাস পেয়ে যান তিনি। ১৯৯৯ সালে চট্টগ্রাম পলিটেকনিক কলেজের ছাত্র আবদুল কাদের হত্যা মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে গত বছরের ১৩ জানুয়ারি তাঁর নাম প্রত্যাহার করে নেন আদালত।
পুলিশ জানায়, ১৯৯৯ সালে গ্রেপ্তার হন আকবর। ১০ বছর কারাভোগের পর ২০০৯ সালের শুরুতে নগরের খুলশী থানায় প্রতিদিন হাজিরা দেওয়ার শর্তে জামিনে মুক্তি পান তিনি। তবে এখন আর তিনি হাজিরা দেন না বলে জানা গেছে।
থানায় ছেঁড়া আকবর কেন এখন হাজিরা দেন না এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ছেঁড়া আকবরকে নজরদারিতে রাখা হয়েছে। কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জেল থেকে বের হওয়ার পর চার থেকে পাঁচ বছর থানায় হাজিরা দিয়েছিলেন। এখন কেন দেন না তা খবর নেওয়া হচ্ছে।’
তবে ছেঁড়া আকবরের দাবি, তিনি পুলিশকে নিয়মিত এলাকার অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করেন।