‘তালেবান’ পরিচয়ে বিচারককে চিঠি, দেশ দখলের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান’ পরিচয়ে হুমকির অভিযোগ উঠেছে। ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে তাঁর কাছে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে ওই হুমকি দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংশ্লিষ্ট আদালতের বিচারক বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন।

বিচারক রুস্তম আলীর কাছে পাঠানো চিঠির খামে প্রেরকের ঠিকানায় ‘মো. আশরাফ আলী, দুর্গাদহ, ভাদসা, সদর, জয়পুরহাট’ লেখা রয়েছে। চিঠিতে হুমকি দিয়ে বলা হয়েছে, আফগানিস্তানের মতো শিগগিরই বাংলাদেশ দখল হবে। বিচার-আচার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী। প্রতিটি গ্রামেই বিচার হবে। এ জন্য সরদার নিয়োগ হবে।’ চিঠিতে আরও বলা হয়, আদালতের সবাইকে তালেবান পাগড়ি পরতে হবে। না পরলে আদালতে যেতে দেওয়া হবে না। হামলার শিকার হতে হবে।

জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার চিন্তাভাবনা করছে, তারা দুঃস্বপ্ন দেখছে। যতই চেষ্টা ও ষড়যন্ত্র করুক না কেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারবে না। যে বা যারা এই চিঠি পাঠিয়েছে, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান এই আইনজীবী।

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, চিঠিটি কে বা কারা, কী উদ্দেশে পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিচারকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।