তাড়াইলে রিভলবারসহ আ.লীগ নেতার ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ মো. ফখরুল আলম মুক্তারকে আটক করেছে র‌্যাব
সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে একটি বিদেশি রিভলবারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলেকে আটক করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে তাড়াইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র‌্যাব-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল।

আটক যুবকের নাম মো. ফখরুল আলম মুক্তার (৩৩)। তিনি তাড়াইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক ভূঞা মোতাহারের ছেলে।

র‌্যাবের ভাষ্য, তাড়াইলের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ফখরুল আলম এর আগে ২০১৯ সালের ১৮ এপ্রিল রাতে ৪৭০টি ইয়াবা বড়িসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন।

র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম শোভন খান বলেন, অবৈধ অস্ত্র কেনাবেচা করার সময় হাতেনাতে মো. ফখরুল আলম মুক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।