তাড়াশে আড়াই শ বছরের ঐতিহ্যবাহী দই মেলা বসছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সিরাজগঞ্জের তাড়াশে দই মেলার আয়োজন হয়
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঐতিহ্যবাহী দই মেলা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা ঘিরে উপজেলাজুড়ে সাজ সাজ রব পড়ে গেছে। আজ শুক্রবার বিকেল থেকে বিভিন্ন এলাকার নামীদামি ঘোষদের দই আনার মধ্য দিয়ে প্রায় আড়াই শ বছরের ঐতিহ্যবাহী তাড়াশের দই মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে।

শনিবার সকালে শুরু হওয়া দিনব্যাপী এ মেলায় দইয়ের পাশাপাশি ঝুড়ি, মুড়িমুড়কি, চিড়া, বাতাসা, কদমাসহ রসনাবিলাসী নানা ধরনের খাবার বিক্রি হয়।

চলনবিল অঞ্চলের তাড়াশের দই মেলা নিয়ে রয়েছে নানা কাহিনি। স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারি আমলে তাড়াশের সেই সময়ের জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। জনশ্রুতি রয়েছে, জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ির সামনে রশিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী দই মেলার প্রচলন হয়।

সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে দই মেলার শুরু হয়। কথিত আছে, প্রতিবছর মেলায় আগত সবচেয়ে ভালো সুস্বাদু দই তৈরিকারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে উপঢৌকন দেওয়ার রেওয়াজও ছিল। জমিদার আমল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী তাড়াশের দইয়ের মেলা এখনো মাঘ মাসের পঞ্চমী তিথিতেই উৎসব–আমেজে বার্ষিক রেওয়াজ মেনে চলে আসছে।

বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা, সিরাজগঞ্জ’ শীর্ষক বইয়ে তাড়াশের এ দই মেলার বর্ণনা রয়েছে। বইটির প্রধান সম্পাদক শামসুজ্জামান খান বিস্তারিতভাবে এ মেলার বিবরণ দিয়েছেন। এতে বলা হয়েছে, একসময় এ মেলায় ৭০০-৮০০ জন ঘোষ প্রায় ৮ থেকে ১০ হাজার মণ দই নিয়ে এসে বিক্রি করতেন। তখন অবশ্য মেলা হতো তিন দিনের। বর্তমানে দিনব্যাপী মেলায় কয়েক শ মণ দই বিক্রি হয়।

দই মেলায় আসা এ অঞ্চলের দইয়ের স্বাদের কারণে নামেরও ভিন্নতা রয়েছে। যেমন ক্ষীরসা দই, শাহী দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরী দই ইত্যাদি বাহারি নাম। নামে ও দামেও রয়েছে হেরফের। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইল, চাটমোহরের হান্ডিয়াল ও তাড়াশের দই প্রচুর পরিমাণে বিক্রি হয়। স্থানীয় তিনজন ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, দুধের দাম, জ্বালানি ও শ্রমিক খরচ, দইয়ের পাত্রের মূল্যবৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে।

উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন দাশ বলেন, ঐতিহ্য মেনে এখনো তাড়াশে দই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু পরিবেশে এ মেলা সম্পন্ন করতে দলমত-নির্বিশেষে সবাই কাজ করেন। দিনব্যাপী মেলায় চাহিদা থাকার কারণে কোনো ঘোষের দই অবিক্রীত থাকে না বলে জানান তিনি।