তাড়াশে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্বাসউজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় তারটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্বাসউজ্জামান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে ২০ থেকে ২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল আব্বাসউজ্জামানের বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। পরে ডাকাত দল আব্বাসউজ্জামান ও তাঁর মাকে অস্ত্রের মুখে জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ডাকাত দল বাড়ির সাতটি আলমারি ও চারটি ট্রাংক ভেঙে প্রায় ৭০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ২ লাখ ৩০ হাজার টাকা, ৩টি মুঠোফোনসহ সব মিলিয়ে প্রায় ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন আব্বাসউজ্জামান।

এদিকে ডাকাতির খবর পেয়ে রাতেই তাড়াশ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক প্রথম আলোকে বলেন, চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনাটির তদন্ত চলছে। রাত থেকেই পুলিশ এ বিষয়ে কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।