তাড়াশে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চুরি হওয়া মালামাল উদ্ধার করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ওই বাজারে ছানোয়ার হোসেনের দোকান থেকে একটি টেলিভিশনসহ বেশ কিছু জিনিস চুরি হয়ে যায়। পাশের শোলাপাড়া গ্রামের মো. আলম হোসেন তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। তাহলে তাঁর মধ্যস্থতায় চুরি হওয়া মালামাল উদ্ধার করা যাবে। এ নিয়ে গতকাল দুপুরে বাজারে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর হাতাহাতি হয়। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে গ্রামের আটজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে জানতে চাইলে তাড়াশ থানার এসআই মো. মানিক হোসেন বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উভয় পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।