তাড়াশে দোকানের ভেতরে ঢুকে গেল যাত্রীবাহী বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে দুজনকে চাপা দিয়েছে। এ ঘটনায় আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার মহিষলুটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবদুস সালাম (৪০)। তিনি উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদীঘি গ্রামের গোলবার হোসেনের ছেলে। আজ বৃহস্পতিবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হানিফ পরিবহনের বাসটি মহিষলুটি এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় বাসচাপায় ওই দোকানে থাকা আবদুস সালামসহ দুজন আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা খালকুলা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে রাতেই দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মো. লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার পরই ওই বাসের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে মামলা করা হয়েছে।