তাড়াশে বঙ্গবন্ধুর ম্যুরালের ওপর পোস্টার সাঁটানোয় মামলা, গ্রেপ্তার ১
সিরাজগঞ্জের তাড়াশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটানোর ঘটনা ঘটেছে। প্রতিকৃতির মুখের ওপর সাঁটানো পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় আজ শুক্রবার তাড়াশ থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী মো. আরশেদুল ইসলাম। তিনি এজাহারে উল্লেখ করেছেন, গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন উপলক্ষে কাজ শেষ করে দিবাগত রাত পৌনে একটার দিকে বাড়ি ফিরছিলেন। পথে দেখেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালে ইসলামি জলসা ও ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে অবমাননাসহ ম্যুরালের ক্ষতিসাধনের চেষ্টা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ মার্চ তাড়াশ উপজেলা ফাজিল মাদ্রাসাসংলগ্ন মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে প্রধান বক্তা চরমোনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম। এ উপলক্ষে গতকাল উপজেলার বিভিন্ন স্থানে মাহফিলের পোস্টার লাগানো হয়। কে বা কারা ওই মাহফিলের একটি পোস্টার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির মুখে সাঁটিয়ে দেয়। বিষয়টি আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ সবার নজরে এলে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানাতে থাকেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই মূল হোতাদের সন্ধান পাওয়া যাবে বলে তিনি জানান।
তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস বলেন, স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর জন্মদিনে এমন ঘটনা খুবই ন্যক্কারজনক।
তাড়াশ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবব্রত আজ শুক্রবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে অন্তর্ঘাতমূলক কার্যকলাপের মাধ্যমে বঙ্গবন্ধুর ম্যুরালের ক্ষতির চেষ্টার অপরাধে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রেজাউল করিম নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়েছে।