তাড়াশে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাসচাপায় আলী আজম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের চণ্ডীভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজম পেশায় পশুচিকিৎসক। তিনি উপজেলার মাঝদক্ষিণা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের একটি প্রকল্পে ইউনিয়ন ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত ছিলেন আলী আজম। আজ সকালে ভাটারপাড়া এলাকায় কাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন আলী আজম। খবর পেয়ে স্বজন ও তাড়াশ থানা-পুলিশ তাঁর লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম দুপুরে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।