তিক্ত অভিজ্ঞতা আর তিন বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোয়ার ও বৃষ্টির পানিতে গতকাল চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড তলিয়ে যায়। ঝুঁকি নিয়ে চলে যানবাহন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
জোয়ার ও বৃষ্টির পানিতে গতকাল চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এক্সেস রোড তলিয়ে যায়। ঝুঁকি নিয়ে চলে যানবাহন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

এই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ে চট্টগ্রামের মানুষের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আগামী বর্ষা মৌসুমে নগরের অন্তত একটি এলাকা যেন জলাবদ্ধতামুক্ত হয়, সেই পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)। সম্প্রতি একনেকে অনুমোদন হওয়া সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প আগমী তিন বছরে বাস্তবায়িত হলে নগরবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন—এমন দাবি সিডিএ কর্তৃপক্ষের।

গতকাল শনিবার দুপুরে সিডিএ আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান আবদুচ ছালাম। নগরের জিইসি মোড়ের একটি হোটেলে ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রস্তাবিত ও একনেক সভায় অনুমোদিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প’ নিয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া নতুন প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম সিটি মেয়রের সহযোগিতা চেয়েছেন আবদুচ ছালাম। তিনি বলেন, মেয়রের সহযোগিতা ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব নয়।

গত বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্বে থাকবে স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটি।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে সিডিএকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এদিকে শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন রয়েছে বলে মনে করেন সিডিএর চেয়ারম্যান। তিনি বলেন, নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে, তাঁরা যেন সব সময় বাড়ির পাশের নালা পরিষ্কার রাখেন। খাল দখলমুক্ত রাখেন।

আগামী তিন বছরে তিনটি প্রকল্পের আওতায় নগরের ২৮টি খালের মুখে টাইডাল রেগুলেটর (জোয়ার প্রতিরোধক ফটক) নির্মাণ করা হবে বলে সভায় জানানো হয়। টাইডাল রেগুলেটরগুলো নির্মিত হলে জোয়ারের পানির ভোগান্তি কমে আসবে।

সভায় জানানো হয়, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ৩৬টি খাল থেকে মাটি ও কাদা উত্তোলন এবং এসব খাল খনন করা হবে। পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ৪৮টি সেতু উঁচু করা হবে। বিভিন্ন খালে স্থাপন করা হবে ৪২টি সিল্ট ট্র্যাপ (বালুর ফাঁদ)। এ ছাড়া খালগুলোর পাশে ১৫ ফুট চওড়া রাস্তা নির্মাণ করা হবে।

এদিকে কর্ণফুলী নদীর তীর ধরে কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের কাজ আগামী নভেম্বরে এবং লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ অক্টোবরে শুরু হবে বলে জানান সিডিএর চেয়ারম্যান। এ ছাড়া নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়কের ২ নম্বর গেটে র‍্যাম্প ও লুপের কাজ ডিসেম্বরে এবং জিইসি মোড় এলাকায় চারটি র‍্যাম্পের কাজ আগামী বছরের এপ্রিলে শেষ হবে।

গতকালের সভায় আরও উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য জসীম উদ্দিন, জসিম উদ্দিন শাহ, কে বি এম শাহজাহান, স্থপতি সোহেল শাকুর, সিডিএর প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন ও প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, উপসচিব অমল গুহ।