তিন অটোরিকশাসহ, তিন ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় গত মঙ্গলবার রাতে তিনটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো ছিনতাইকারীদের দলনেতা পটিয়ার শিকলবাহা গ্রামের আবদুল মান্নান (৩২) ওরফে মনা মিস্ত্রি, সৈন্যারটেক এলাকার শাহবুদ্দিন (২২) ও বাঁশখালী উপজেলার জলদী গ্রামের দিদার (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার রাতে কর্ণফুলী থানার এসআই মোস্তাক আহমদের নেতৃত্বে ক্রেতা সেজে একদল পুলিশ চরফরিদ এলাকায় ফসিল ফিলিং স্টেশনের সামনে থেকে দলনেতা আবদুল মান্নান ওরফে মনা মিস্ত্রি ও শাহবুদ্দিনকে একটি অটোরিকশাসহ গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তিমতে কলেজ বাজার মনা মিস্ত্রির গ্যারেজ থেকে আরও দুটি অটোরিকশা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কর্ণফুলী থানা-পুলিশ জানায়, গত দুই মাসে তিনজন চালককে হত্যাসহ পটিয়া উপজেলায় ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১২ আগস্ট পটিয়ার কোলাগাঁওটেক এলাকায় ধানখেত থেকে পুলিশ একজন অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছিল, অটোরিকশাচালকের মালিক ইউসুফ এসে গতকাল বুধবার তাঁর গাড়িটি শনাক্ত করেছেন।
কর্ণফুলী থানার এসআই মোস্তাক আহমদ ছিনতাইকারীদের স্বীকারোক্তিমতে বলেন, মনা মিস্ত্রির নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রাম ও নগরে ১২ থেকে ১৫ জন ছিনতাইকারী সদস্য রয়েছে। তারা যাত্রী সেজে গাড়িতে উঠে সুযোগ বুঝে ছিনতাই করে নিয়ে যায়। প্রয়োজনে চালককে হত্যা করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।