তিন ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভায় তিনটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ইউনিয়নগুলো হলো সুরাজপুর-মানিকপুর, কৈয়ারবিল ও হারবাং। ১৭ আগস্ট মধ্যে এসব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ১০ আগস্ট বিকেলে চকরিয়া সড়ক বিভাগের ডাকবাংলোতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন বলেন, উপজেলা কমিটির আওতাধীন ১১ ইউনিয়ন কমিটির মধ্যে এই তিনটির সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এ জন্য বিলুপ্ত করার িসদ্ধান্ত নেওয়া হয়। এখন নতুন নেতৃত্ব তৈরি করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা হবে।
বিলুপ্ত হওয়া সুরাজপুর-মানিকপুর কমিটির সভাপতি রাহুল বড়ুয়া ও কৈয়ারবিলের সভাপতি সরোয়ার আলমের দাবি, তাঁরা সাংগঠনিকভাবে সক্রিয় ছিলেন। তারপরও উপজেলা নেতাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান দুজনই।
হারবাং ইউনিয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘ওয়ার্ডের সম্মেলন শেষ করে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করারা কথা ছিল। কিন্তু আমরা পারিনি।’
উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিনের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সহসভাপতি সোহেল আহমদ, যুগ্ম সম্পাদক মো. শহিদুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ ইফতেখার।
বক্তব্য দেন চকরিয়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, কক্সবাজার শহর যুবলীগের আহ্বায়ক শোয়াইব ইফতেখার, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক থানা যুবলীগের আহ্বায়ক আনছারুল করিম, যুগ্ম আহ্বায়ক কাইছারুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে যুবলীগের প্রতিটি কর্মীকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সকল অপতৎপরতা রুখে দিতে গ্রামে গ্রামে দুর্গ গড়ে তুলতে হবে।’ বক্তারা ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনের সিদ্ধান্ত নেন।