তিন কোটি টাকা বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত। বিভিন্ন জটিলতায় প্যানেল চেয়ারম্যানও দায়িত্ব পালন করতে পারছেন না। এই অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ সাত মাস ধরে অনেকটাই অচল হয়ে পড়েছে। তৈরি হয়েছে উপজেলা পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিবি), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা), টেস্ট রিলিফ (টিআর) মিলিয়ে তিন কোটি টাকার বরাদ্দ ফেরত যাওয়ার শঙ্কা। বেতন না পেয়ে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম খান বলেন, উপজেলা পরিষদ-সংক্রান্ত জটিলতায় তাঁর দপ্তরের সব উন্নয়নকাজ বন্ধ রয়েছে। এই অবস্থায় কাবিখার প্রথম পর্যায়ের ১৭৫ মেট্রিক টন ও দ্বিতীয় পর্যায়ের ৮৭ দশমিক ৫ মেট্রিক টন চাল এবং কাবিটার প্রায় ৭৫ লাখ টাকা ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা পরিষদের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অবাইদুল হক ও গাড়িচালক আমির হোসেন বলেন, সাত মাস ধরে বেতন না পেয়ে তাঁরা ভীষণ সমস্যায় রয়েছেন। রোজার মাস। সামনে ঈদ। কীভাবে যে কী করবেন ভেবে পাচ্ছেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে শিক্ষা কমিটির সভা করতে না পারায় অনুদানগুলো পাওয়া যাচ্ছে না। ফলে বিদ্যালয়গুলোতে শিক্ষাসামগ্রী (চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি) দেওয়া যাচ্ছে না। গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাটা পর্যন্ত হয়নি।
ঠিকাদার রনো ইসলাম রানীহাটি ইউনিয়নের চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণগোবিন্দপুর কমিউনিটি ক্লিনিক সংস্কারের কাজ করেছেন, কিন্তু বিল পাচ্ছেন না। তিনি বলেন, ‘আমার মতো আরও অনেক ঠিকাদার উপজেলা পরিষদের কাজ করে বিল পাচ্ছেন না। কবে পাবেন, তারও নিশ্চয়তা নেই।’
এদিকে ডিসি জাহিদুল ইসলাম ও ইউএনও শাকিলা দিল হাছিনের সমন্বয়হীনতায় উপজেলা পরিষদের সমস্যার জট কাটছে না বলে অভিযোগ করেছেন খোদ স্থানীয় সাংসদ আবদুল ওদুদও। তিনি বলেন, ‘জটিলতা নিরসনে ডিসি সাহেবকে বারবার বলেছি। কিন্তু তিনি যথাযথ ভূমিকা রাখেননি। ইউএনওর প্রতি তাঁর (ডিসি) বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’
এ প্রসঙ্গে ডিসি জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের সমস্যা ডিসি ও ইউএনওর মধ্যকার দ্বন্দ্বের কোনো বিষয় নয়। এ জটিলতার সমাধান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। মন্ত্রণালয়কে এ বিষয়ে যথাসময়েই জানানো হয়েছে।
শাকিলা দিল হাছিন বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেশুর রহমানের (জামায়াত নেতা) বিরুদ্ধে ছয়টি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাঁকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত মার্চে সাময়িক বরখাস্ত করে। এ সময় ভাইস চেয়ারম্যান সোহরাব আলী (জামায়াত নেতা) কারাগারে ছিলেন। পরে তাঁর বিরুদ্ধেও মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হলে তাঁকেও সাময়িক বহিষ্কার করা হয়। ফলে মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা বেগমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়। কিছুদিন কাজ করার পর তিনিও পরিষদের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকেন। এ পরিপ্রেক্ষিতে তাঁকেও অপসারণ করা হয়।
উপজেলা পরিষদ আইন অনুযায়ী গত জানুয়ারির শেষ দিকে উপজেলা পরিষদের মাসিক সভায় ইউএনওকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়। কিন্তু এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আর কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমানকে গত ২৩/৯/২০১৫ তারিখে সাময়িক বরখাস্ত করা হয়। এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে রিট মামলা করলে গত ৯/১২/২০১৫ তারিখ থেকে ছয় মাসের জন্য স্থানীয় সরকার বিভাগের আদেশ স্থগিত করেন আদালত। উপজেলা চেয়ারম্যান গত ৩০ মে জেলা প্রশাসকের কাছে যোগদানপত্র দেন। এ পরিপ্রেক্ষিতে চেয়ারম্যানের সভাপতিত্বে ৯ জুন উপজেলা পরিষদের সভা ডাকেন ইউএনও। কিন্তু জেলা প্রশাসক চার্জশিটভুক্ত পলাতক আসামির সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা ডাকা হয়েছে বলে পুলিশ সুপার, র্যাবের ক্যাম্প কমান্ডার ও সদর থানার ওসিকে চিঠি দেন। পরে গ্রেপ্তার এড়াতে মোখলেশুর রহমান আর সভায় উপস্থিত হননি।
শাকিলা হাছিন বলেন, উপজেলা পরিষদের বিভিন্ন খাতের প্রায় তিন কোটি টাকা ফেরত যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে ৯ জুন পরিষদের সভা ডাকা হয়।
এ প্রসঙ্গে মোখলেশুর রহমান গত সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, উচ্চ আদালতের রায় অনুযায়ী ১৩ জুন আমার সাময়িক বরখাস্তের আদেশ অকার্যকর। কিন্তু আমাকে ৯ জুনের সভায় উপস্থিত হতে না দিতে জেলা প্রশাসক তৎপর ছিলেন। এতে করে উচ্চ আদালতকে অবজ্ঞা বা অবমাননা করা হয়েছে বলে মনে করি।’