দুই মাস আগে বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারে প্রায় তিন কোটি টাকা ব্যয় করেছে সিটি করপোরেশন। সড়কের কার্পেটিং ও গর্ত ভরাটে এই অর্থ খরচ হয়। কিন্তু দুই মাসের ব্যবধানে পুরোনো চেহারায় ফিরেছে সড়কগুলো। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
তবে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম দাবি করেছেন, সড়ক সংস্কারে নির্মাণসামগ্রীর গুণগত মান নিয়ে কোনো সমস্যা নেই। বৃষ্টির পানির কারণে সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। এতে অন্য কোনো কারণ নেই।
করপোরেশন সূত্র জানায়, গত ২০ থেকে ২৩ জুনের টানা বৃষ্টিতে নগরের প্রায় ১০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এসব সড়ক তাৎক্ষণিকভাবে সংস্কার করতে ২২ কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দিতে ২৬ জুন এলজিআরডি মন্ত্রীকে চিঠি দেন মেয়র মন্জুর আলম। তবে এখনো অর্থ বরাদ্দ মেলেনি।
করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মনিরুল হুদা প্রথম আলোকে বলেন, করপোরেশনের নিজস্ব তহবিল ও ব্যবস্থাপনায় নগরের সড়কগুলো সংস্কার করা হচ্ছে। এতে রক্ষণাবেক্ষণ ও মেরামত খাতে থাকা ১০ কোটি টাকা থেকে তিন কোটি টাকা খরচ করা হয়েছে। তবে সড়কগুলো ভালোভাবে সংস্কার করতে হলে অন্তত ২২ কোটি টাকার প্রয়োজন।
অনুসন্ধানে জানা যায়, নগরের রাস্তা সংস্কারের জন্য করপোরেশনের স্টোর থেকে প্রায় এক হাজার ড্রাম বিটুমিন, ৫০ হাজার ইট, ৪০ হাজার বর্গফুট পাথর ও ৩০ হাজার বর্গফুট বালু ব্যবহার করা হয়েছে।
করপোরেশনের উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তৌহিদুল হাসান বলেন, সড়ক সংস্কারের জন্য অ্যাসফল্ট প্ল্যান্টের মাধ্যমে ২৭০ ট্রাক মিশ্রণ তৈরি করা হয়। প্রতি ট্রাক মিশ্রণ তৈরি করতে প্রায় এক লাখ টাকার মালামাল লাগে।
করপোরেশনের প্রকৌশল বিভাগের তথ্য ও সরেজমিনে দেখা যায়, দুই পদ্ধতিতে নগরের রাস্তাঘাট মেরামত করছে করপোরেশন। কোনো কোনো সড়কের গর্তগুলো ইটের খোয়া ও বালু দিয়ে তাৎক্ষণিকভাবে ভরাট করে দেওয়া হচ্ছে। আবার কিছু রাস্তা বিটুমিন দিয়ে কার্পেটিং করা হচ্ছে। নগরের সাগরিকায় অবস্থিত নিজস্ব অ্যাসফল্ট প্ল্যান্টের মাধ্যমে কার্পেটিংয়ের মিশ্রণ তৈরি করা হয়।
করপোরেশনের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত নগরের জাকির হোসেন সড়ক, সিডিএ অ্যাভিনিউ, বিমানবন্দর সড়ক, পোর্ট কানেকটিং সড়ক, আসাদগঞ্জ সড়ক, সমুদ্রসৈকত সড়ক, সার্সন সড়ক, খতিবের হাট সড়ক, পাথরঘাটা এলাকার সড়ক, অলংকার এলাকার সড়ক, আগ্রাবাদ অ্যাক্সেস সড়ক, শেখ মুজিব সড়ক গত দুই মাস ধরে সংস্কার করা হয়। তবে সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কগুলোর সংস্কার করা অংশে আবারও খানাখন্দ সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর সড়ক এলাকার রিকশাচালক নুরুল আমিন বলেন, করপোরেশনের লোকজন ঈদের আগে গর্তগুলো ভরাট করে দিয়েছিল। কিছুদিন ঠিক ছিল। কিন্তু এখন আবার উঠে গেছে।
দক্ষিণ পতেঙ্গার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দর সড়কের সংস্কারের কাজ চলছে। সাময়িকভাবে খানাখন্দগুলো ভরাট করে দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে তা টিকিয়ে রাখা যাচ্ছে না। তার পরও আমাদের সংস্কারকাজ নিয়মিত চলছে।’
চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে জানান, সংস্কারকাজে ব্যবহৃত সামগ্রীর গুণগতমান খারাপ হওয়ায় কিছুদিনের মধ্যে সড়কের কার্পেটিং ও ইটের খোয়া উঠে যাচ্ছে। এই কাজে করপোরেশনের পর্যাপ্ত জনবল ও প্রযুক্তিও আন্তরিকভাবে ব্যবহার করা হচ্ছে না। জবাবদিহির অভাবে কোনো রকমে সড়ক সংস্কার করে দায় সারছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসী ও গাড়িচালকদের।
নগরের ক্ষতিগ্রস্ত সড়কগুলো দফায় দফায় সংস্কার করার বিষয়টি স্বীকার করেছে করপোরেশন। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের সড়কগুলো একদিকে মেরামত করা হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমের ফলে সড়কগুলো আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে বিমানবন্দর সড়ক, শেখ মুজিব সড়ক, আগ্রাবাদ অ্যাক্সেস সড়ক, পোর্ট কানেকটিং সড়ক, সিডিএ অ্যাভিনিউ, ঢাকা ট্রাংক রোডসহ নগরের প্রধান প্রধান সড়কগুলো তিন দফা মেরামত করা হয়েছে।