চাঁদপুর-শরীয়তপুর নৌপথে যানবাহন পারাপারের জন্য সাতটি ফেরি চলাচল করত। এর মধ্যে একটি বিকল হয়ে পড়েছে। আরেকটি বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে নেওয়া হয়েছে। দুটি ফেরি কম ও নদীতে স্রোত থাকায় যানবাহন পারাপারে দীর্ঘ সময় লাগছে।
এ কারণে নরসিংহপুর ফেরিঘাটে (আলুর বাজার) তৈরি হচ্ছে যানবাহনের দীর্ঘ জট। অনেক পণ্যবাহী যান তিন-চার দিনেও ফেরিতে সিরিয়াল পাচ্ছে না। বুধবার পারাপারের জন্য ৪৫০টি পণ্যবাহী যান ওই ঘাটে আটকে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বিকল ফেরি মেরামতের জন্য ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। আর ফেরি কুঞ্জলতা গত সপ্তাহে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে নিয়ে যাওয়া হয়েছে। অপর দিকে নদীতে পানি কমতে শুরু করেছে, তাই স্রোত বেড়েছে। এ কারণে শরীয়তপুরের নরসিংহপুর থেকে ফেরিগুলো ছেড়ে চাঁদপুরের বহরিয়ারটেক হয়ে উজানে গিয়ে মেঘনা পাড়ি দিতে হচ্ছে। প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে চলায় পারাপারে দুই ঘণ্টা বেশি সময় লাগছে।
এদিকে আগে প্রতিটি ফেরি ২৪ ঘণ্টায় ছয় থেকে সাতটি ট্রিপ দিতে পারত। সময় বেশি লাগায় এখন এর অর্ধেক ট্রিপ দিতে পারছে। নরসিংহপুর ফেরিঘাট থেকে চাঁদপুরের হরিনা ফেরিঘাটে পৌঁছাতে আগে এক ঘণ্টা সময় লাগত। তখন প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ যানবাহন পারাপার করা যেত। আর এখন পারাপার করা হচ্ছে ২৫০ থেকে ৩০০ যান।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন এই নৌপথ দিয়ে যাতায়াত করে। এর মধ্যে বেনাপোল, ভোমরা স্থলবন্দর এবং মোংলা ও পায়রাবন্দরের পণ্যবাহী যানবাহনও থাকে। পদ্মা সেতুর পিলারে ফেরি ধাক্কা দেওয়ার ঘটনার পর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর পর থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে যানবাহনের চাপ বেড়েছে।
খুলনা-চট্টগ্রামগামী ট্রাকের চালক জিল্লুর রহমান বলেন, তিনি পেঁয়াজ নিয়ে চট্টগ্রামে যাবেন। চার দিন ধরে নরসিংহপুর ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় আছেন। সিরিয়াল পাচ্ছেন না। এভাবে ঘাটে অপেক্ষা করলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল মোমেন বলেন, বাংলাবাজার-শিমুলিয়া নৌপথ থেকে এক মাস আগে যে ফেরি আনা হয়েছিল, তা ফেরত নেওয়া হয়েছে। এসব কারণে ঘাটে গাড়ির জট সৃষ্টি হয়েছে। বিকল ফেরিটি দু–এক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।