তিন ছেলেসহ ব্যবসায়ীকে পিটিয়ে গরু ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠির কাঁঠালিয়ায় হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার সালিস বৈঠকে এক গরু ব্যবসায়ীসহ ৫ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ২ লাখ ৬০ হাজার টাকা ও ২টি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গরুর হাটে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের গরু ব্যবসায়ী ইউসুফ তালুকদার (৬৫), তাঁর তিন ছেলে ফুল মিয়া (৩৫), মো. রাসেল (২৬), এসএসসি পরীক্ষার্থী কামাল হোসেন (১৭) ও ইউসুফ তালুকদারের চাচাতো ভাই শাহজাহান বিশ্বাস (৭৫)। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, আজ সকালে মচিচবুনিয়া হাটে ইউসুফ তালুকদার, তাঁর তিন ছেলে ও চাচাতো ভাই শাহজাহান বিশ্বাস ২টি ট্রলারে করে ২০টি গরু বিক্রির জন্য তোলেন। গরু ওঠানোর পর বিভিন্ন ফাঁকা জায়গায় বাঁধার সময় বাজারের একটি ক্লাবের পিলারের সঙ্গে গরু বাঁধলে স্থানীয় সোহেল মিয়া (৪০) ও মো. সিরাজ (৪২) নামের দুই ব্যবসায়ী বাধা দেন। এ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় গরু ব্যবাসয়ীরাও যোগ দেন।
পরে ইজারাদার ও গরু ব্যবসায়ীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দুপুরে হাট শেষ হলে বাজার কমিটির সভাপতি ও পাটিখালঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফা কামাল ঘটনা মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে বাজারের একটি টংঘরে বসেন। এতে স্থানীয় লোকজনও উপস্থিত হন।
ইউসুফ তালুকদারের অভিযোগ, সালিসের শুরুতে উভয় পক্ষের বক্তব্য শোনার আগেই মোস্তফা মেম্বার তাঁর লোকজনকে বলেন, ‘ওদের এখনো সুস্থ রাখছো?’ এ কথার বলার মূহূর্তের মধ্যে মেম্বারের লোকজন চড়াও হয়ে বেধড়ক পিটিয়ে তাঁদের জখম করেন। এ সময় ছোট ছেলে রাসেলের কোমরে বাঁধা ২ লাখ ৬০ হাজার টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যান মেম্বারের লোকজন। এরপর অবিক্রীত দুটি গরুও (একটি লাল এবং একটি কালো) নিয়ে গেছেন হামলাকারীরা, যার মূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।
ইউসুফ তালুকাদারের ছেলে ফুল মিয়া জানান, ‘এই মরিচবুনিয়া বাজারের গরুর হাটটি মেলানোর জন্য আমার বাবা অনেক শ্রম দিয়েছেন। প্রতি হাটে আমরা ২৫ থেকে ৩০টি গরু নিয়ে আসি। হয়তো এটা অনেকের চোখে লাগছে। আমাদের টাকাপয়সা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মোস্তফা মেম্বার ও তার লোকজন গরুর মতো পিটিয়ে আহত করে।’
বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, তিনি ইজারাদারের মাধ্যমে খবর পেয়ে বাজারে এসে উভয় পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসলে বৈঠকের মধ্যেই উত্তেজিত হয়ে উভয় পক্ষের মধ্যে সংষর্ষ হয়। পরে তিনি ও তাঁর লোকজন অনেক কষ্টে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাড়িতে পাঠিয়ে দেন। গরু ও টাকা ছিনতাইয়ের খবর তিনি জানেন না।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, মরিচবুনিয়া বাজারের গরু ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের মৌখিক অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।