তিন দশক ধরে চা বেচেন গাজীপুরের রফিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভান্ডারি’র চায়ের দোকানে মানুষের ভিড়। গাজীপুর নগরের পৌর মার্কেট এলাকায়
ছবি: প্রথম আলো

গাজীপুরের জয়দেবপুর শহরে থাকেন অথচ ‘ভান্ডারির’ চায়ের দোকান চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রাজনৈতিক আলোচনা, অতিথি আপ্যায়ন, অফিস শেষে কর্মজীবীদের আড্ডা বা তরুণদের গল্প—সবই হয় এখানে। কেটলি থেকে ভাপ ওঠা এক কাপ গরম চায়ে চুমুক দিতেই যেন মুগ্ধতায় হারিয়ে যান সবাই। গল্পে গল্পে হয় আড্ডা। তাই দোকানটিও পরিচিত বিশেষ নামে।

শহরের রাজবাড়ী সড়কের পৌর মার্কেট সামনে ‘ভান্ডারির’ দোকান। কোনো অবকাঠামো নেই। খোলা আকাশের নিচে একটি ছাতা, একটি চুলা ও একটি চা বিক্রির ট্রে নিয়ে তাঁর দোকান। সকাল সাতটা থেকে শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত।

রোববার রাত নয়টায় দোকানটিতে দেখা গেল, এমনই এক জমজমাট পরিবেশ। ছোট্ট দোকানটি ঘিরে জনা বিশেক মানুষের জটলা। কেউ চা খাচ্ছেন, কেউ চায়ের জন্য অপেক্ষা করছেন, আবার কেউ দাঁড়িয়ে গল্প করছেন। ব্যস্ততার মধ্যেই কথা হয় ‘ভান্ডারির’ সঙ্গে। তিনি বলেন, তাঁর নাম মো. রফিকুল ইসলাম (৪২)। তিনি একটি মাজার শরিফের ভক্ত। বছরে অন্তত একবার দোকান বন্ধ রেখে সেখানে যান। সে জন্য চা খেতে এসে অনেকে মজা করে তাঁকে ‘ভান্ডারি’ ডাকতেন। সেই ডাক এক কান, দুই কান হতে হতে এখন এই নামেই সবাই তাঁকে চেনেন। তাঁর ভাষায়, ‘ভান্ডারির চায়ের দোকান বললেই শহরের আর কারও চেনার বাকি থাকে না।’

রফিকুল গল্পে গল্পে বলেন, প্রায় ৩১ বছর ধরে তিনি চা বিক্রি করছেন। কৃষক বাবার ঘরে জন্ম। বাবার সামান্য আয়ে সংসার চলছিল না। তাই তৃতীয় শ্রেণির গণ্ডি না পেরোতেই তাঁকে জীবনসংগ্রামে নামতে হয়। সংসারের খরচ জোগাতে প্রথমে তিনি কাজ নেন নগরের একটি চায়ের দোকানে। এরপর সেখান থেকে বেরিয়ে শুরু করেন রাস্তায় চা বিক্রি। এভাবে কয়েক বছর চলার পর দোকান নেন পৌর মার্কেট এলাকায়। এরপর ২৫ বছর ধরে এখানে চা বিক্রি করছেন তিনি।

রফিকুল বলেন, এটাই তাঁর মূল পেশা। তাঁর দুই ছেলে–মেয়ে। বড় ছেলে পড়ে একটি কলেজের দ্বাদশ শ্রেণিতে। মেয়ে নবম শ্রেণিতে পড়ে। তাঁর বাসা নগরের সাহপাড়া এলাকায়। থাকেন ভাড়া বাসায়। চা বিক্রি করে যা আয়, তা দিয়েই চলে সংসার। এর মধ্যে সন্তানের লেখাপড়া আর সংসারের খরচ চালাতে গিয়ে মাঝেমধ্যেই হিমশিম খেতে হয় তাঁকে।

রফিফুল বলছিলেন, ‘চা বিক্রি কইরা আর কত ইনকাম করা যায়! তা–ও যা ইনকাম করি, তার সবই যায় সংসার-সন্তানগোর পিছনে। নিজে লেহাপড়া করবার পারি নাই, হেইললাইগ্যা মনে দুঃখ নাই। কিন্তু পোলা-মাইয়্যাগোলারে মানুষ করবার চাই, ঠিকমতো লেহাপড়া করাইবার চাই।’

রফিকুলের ভাষ্য, প্রতিদিন তিনি চা বিক্রি করেন ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকার। চায়ের দাম প্রকারভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এর মধ্যে সবকিছুর খরচ বাদ দিয়ে তাঁর দৈনিক ৬০০ টাকার মতো লাভ থাকে। সেই টাকার ওপরই নির্ভর করে তাঁর সংসার ও সন্তানদের লেখাপাড়া। এর মধ্যে আবহাওয়া প্রতিকূল বা কোনো কারণে বেচাবিক্রি বন্ধ রাখলে বিপদে পড়তে হয় তাঁকে।

গল্প করতে করতে রাত সাড়ে ১০টা বেজে যায়। রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। রফিকুলও চলে যাওয়ার কথা ভাবছেন। যাওয়ার আগে তিনি বললেন, ‘আমি ১ ট্যাকা থ্যাইকা চা বিক্রি শুরু করছি। এরপর জিনিসপত্রের দাম বাড়ায় ২ ট্যাকা। পরে ৪ ট্যাকা। এখন ৫ ট্যাকার রং চা, ৭ ট্যাকার দুধ চা বেচি। কী করমু! আমরা তো অপারগ। আমাগোরই তো আনতে অয় বেশি দাম দিয়া।’