তিন দিন ধরে কুড়িগ্রামের ২ মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের দুই শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকেরা কচাকাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো উপজেলার কচাকাটা ইউনিয়নের কাইয়ের চরের মঞ্জুর আলম (১৪) ও নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১২)। দুজনের মধ্যে মঞ্জুর পাঁচ বছর এবং রাকিবুল দুই বছর ধরে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
মাদ্রাসার পরিচালক মো. ইয়াকুব আলী জানান, ১৩ মার্চ বেলা ১১টার পর থেকে ওই দুই শিক্ষার্থীকে মাদ্রাসার কোথাও খুঁজে পাওয়া যায়নি। প্রতিদিন সকাল ১০টায় সকালের তালিম শেষ হয়। তালিম শেষে মাদ্রাসার সব শিক্ষার্থী ও শিক্ষক খাওয়াদাওয়া করে কিছুক্ষণ ঘুমান। প্রতিদিনের মতো মঞ্জুর ও রাকিব সেদিন ঘুমাতে গিয়েছিল। বেলা ১১টার দিকে জামাকাপড় ও বেডিংপত্র নিয়ে তারা উধাও হয়ে যায়। পরে তাদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়। দুই দিন তাদের খোঁজ না পেয়ে গতকাল মঙ্গলবার কচাকাটা থানায় একটি জিডি করা হয়েছে।
ইয়াকুব আলী বলেন, গত সপ্তাহে রাত জেগে মুঠোফোন চালানোর দায়ে তাদের বিচারের আওতায় নেওয়া হয়। এ সময় তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডেকে আনার কথা বলা হয়েছিল। হয়তো ওই ভয় থেকেই তারা মাদ্রাসা থেকে পালিয়েছে।
মঞ্জুরের অভিভাবক সাহাবুল ইসলাম বলেন, আজ বুধবার বিকেল পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মাদ্রাসা থেকে দুজন কেন নিরুদ্দেশ হলো, তা তিনি জানেন না। খোঁজ পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান। মঞ্জুরের মামা আশরাফুল ইসলাম বলেন, ‘নিখোঁজ দুজনের অভিভাবকসহ আমরা কুড়িগ্রামের বিভিন্ন মাদ্রাসায় খোঁজ নিয়ে এখনো তাদের সন্ধান পাইনি।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ দুই শিক্ষার্থীর খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে।