তিন দিন পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের যানজটের পর আজ সোমবার ভোর থাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। ঈদে ঘরমুখী মানুষ এখনো বাসের ছাদ ও ট্রাকে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তবে যানজট এখন নেই। 

গতকাল রোববার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর আগে তিন দিন চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুরে ৩০ কিলোমিটার মহাসড়কে যানজটে নাকাল হন উত্তরবঙ্গগামী হাজারো মানুষ। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা। মহাসড়কের ফোর লেনের কাজ চালু থাকা ও অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজট সৃষ্টি হয়। রাতে বেশির ভাগ গাড়ি গন্তব্যে চলে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে মহাসড়ক।
ঢাকামুখী দূরপাল্লার কিছু গাড়ি চলাচল করতে দেখা গেলেও মহাসড়কের বেশির ভাগ এলাকাই ফাঁকা দেখা দেখা গেছে। আজও গাড়ি না পেয়ে বেশ কিছু যাত্রীকে বাসের ছাদে, ট্রাকে ও লেগুনায় করে যেতে দেখা গেছে। সড়কের নিরাপত্তা রক্ষায় আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুরে নাওজোড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস ছালাম জানান, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কই এখন ফাঁকা। যানজট নেই।