তিন দিন পর রংপুর-ঢাকা বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর থেকে ঢাকাগামী বাস চলচাল স্বাভাবিক হয়েছে
ফাইল ছবি

টানা তিন দিন পরিবহনশ্রমিকদের কর্মবিরতির পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে রংপুর থেকে ঢাকাগামী বাসগুলো ছেড়ে যেতে শুরু করেছে। জেলা প্রশাসকের কাছ থেকে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সন্তোষজনক আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল থেকে আগের মতো সব বাস স্বাভাবিকভাবে চলাচল করছে।

এর আগে গত মঙ্গলবার সকাল থেকে বেতন-ভাতা বাড়ানোর দাবি নিয়ে ঢাকাগামী বেশ কয়েকটি বাসের চালকসহ কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

গতকাল বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মোটরমালিক-শ্রমিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মালিকপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সম্মতি জানালে কর্মবিরতির অবসান ঘটে। গতকাল রাতে ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, বিআরটিসির সহকারী পরিচালক ফারুক আলম, মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, মালিকপক্ষ শ্রমিকদের ন্যায়সংগত দাবি মেনে নিয়েছে। ফলে আজ সকালে বাস চলাচল শুরু হয়েছে।

আজ সকালে নগরের কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, প্রতিটি বাস কাউন্টার খুলেছে। শ্রমিকদের কর্মব্যস্ততাও বেড়েছে। সেই সঙ্গে সকাল থেকেই যাত্রীরা ঢাকায় যাওয়ার জন্য কাউন্টারের সামনে ভিড় করছেন।

এস আর ট্রাভেলসের যাত্রী ইকবাল হোসেন বলেন, রংপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য বাস বন্ধ থাকায় অনেক যাত্রীর কষ্ট হয়েছে। তবে এখন বাস চালু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে।