তিন দিন পর শীতলক্ষ্যায় মিলেছে নিখোঁজ তরুণের লাশ
গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর সিমেন্ট ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া তরুণ বিশ্বজিৎ বাসফোরের (১৭) মরদেহ পাওয়া গেছে। আজ শনিবার সকালে শ্রীপুরের পার্শ্ববর্তী উপজেলা কাপাসিয়ার ফকির মজনু শাহ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, শনিবার সকাল নয়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যে তাঁরা নদীতে মরদেহ পড়ে থাকার বিষয়টি জেনেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
শনিবার সকাল নয়টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ পাওয়া তথ্যে তাঁরা নদীতে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পারে পুলিশ।
বিশ্বজিৎ বাসফোর গাজীপুরের শ্রীপুর সদর এলাকার বিনয় বাসফোরের ছেলে। তিনি গত বছর শ্রীপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলেন। বিশ্বজিতের বন্ধু বিজয়ের জন্মদিন ছিল গত বৃহস্পতিবার। এ উপলক্ষে তাঁরা ১০-১২ জন বন্ধু মিলে গোসিংগা ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর সিমেন্ট ঘাট এলাকায় ওই দিন দুপুরে গোসল করতে নামেন। একপর্যায়ে বিশ্বজিৎ তলিয়ে যান। তাঁকে উদ্ধারের জন্য নদীতে নামেন স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিশ্বজিতের খোঁজ করেন। বৃহস্পতিবার ও পরদিন গতকাল শুক্রবার ডুবুরি দলনেতা মিজানুর রহমানের নেতৃত্বে অনুসন্ধান চলে। তৃতীয় দিনের মাথায় ডুবে যাওয়া এলাকা থেকে অন্তত ৬ কিলোমিটার দূরে মরদেহ মিলল।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান খান বলেন, স্বজনেরা মরদেহ শনাক্ত করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।