তিন দিনের ছুটিতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ভিড়, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপথে ঢাকা থেকে আসা যাত্রীদের ভিড় বেড়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে
ছবি: সংগৃহীত

টানা তিন দিনের ছুটিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ রাজধানী ঢাকা ছাড়ছেন। এ কারণে আজ বৃহস্পতিবার সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের ভিড় বেড়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন তাঁরা। একই সঙ্গে ফেরি চলাচল সীমিত হওয়ায় যাত্রীরা ঝুঁকি নিয়ে স্পিডবোট ও লঞ্চে গাদাগাদি করে পদ্মা পারাপার হচ্ছেন।

বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানায়, টানা তিন দিনের ছুটি থাকায় গতকাল বুধবার বিকেল থেকেই ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থলপথে টুঙ্গিপাড়া যাওয়ায় নিরাপত্তার কারণে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ সময় শিমুলিয়া ঘাটে পদ্মা পারাপারের জন্য এসে আটকা পড়েন হাজারো যাত্রী। সকাল ৯টার পর ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক নিয়মে শুরু হলে যাত্রীদের ভিড় কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ সকাল থেকে বিকেল পর্যন্ত যাত্রীদের ভিড় লেগেই ছিল।

আজ বিকেলে বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন বলেন, তিন দিনের ছুটি থাকায় নৌপথে ভিড় অন্য দিনের তুলনায় আজ বেশি। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী এ নৌপথ দিয়ে টুঙ্গিপাড়া গেছেন সকালে। তখন নিরাপত্তার কারণে সকাল সাড়ে নয়টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ছিল। এখন নৌপথ স্বাভাবিক। ভিড় থাকলেও যাত্রীরা স্বাচ্ছন্দ্যে পার হচ্ছেন।

ঢাকা থেকে আসা স্পিডবোটের যাত্রী মো. আবু সালেহ আহমেদ বলেন, ‘ছুটিতে ঢাকার আমার মতো অনেকেই আজ বাড়ি যাচ্ছে। এ কারণে ঈদের মতো ভিড় লেগেছে। সকাল ১০টায় ফেরিঘাটে এসে এক ঘণ্টা স্পিডবোটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। লঞ্চে উঠতে গেলে আরও দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হত।’
বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ নৌপথে বিকেল চারটার পর ফেরি চলাচল করে না। ঢাকা থেকে আসা যাত্রীরা বিকেল চারটার পর লঞ্চ ও স্পিডবোটে পারাপার হচ্ছেন।

স্পিডবোটে পার হয়ে বাংলাবাজারে আসা যাত্রী তানজিল চৌধুরী বলেন, ঘাটে উপচে পড়া ভিড়। শিমুলিয়া থেকে স্পিডবোটে ১২০ টাকার বদলে ১৭০ টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। স্পিডবোটে ওঠার পর বোটের চালক আবার আরও ১০০ টাকা নিচ্ছে। এ কারণে যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডাও লেগে যাচ্ছে। ভিড় বাড়ায় নৌযানে উঠতে ভোগান্তির শেষ নেই।

লঞ্চে উঠে একটু বসার জায়গা পাননি ফারহানা আক্তার নামের এক যাত্রী। তিনি বলেন, লঞ্চে উঠতেই হাঁপিয়ে উঠেছেন। তা ছাড়া আজ বেশ গরমও। যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় লঞ্চেও গাদাগাদি অবস্থা।