তিন দিনের ব্যবধানে মৌলভীবাজারে করোনা শনাক্তের হার দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাসের প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলায় করোনা রোগীর সংখ্যা আট হাজার ছাড়িয়ে গেছে। তিন দিনের ব্যবধানে সংক্রমণের হার দ্বিগুণের বেশি হয়েছে। তিন দিন আগে সংক্রমণ ছিল ৭ শতাংশ। আজ শুক্রবার তা পৌঁছেছে ১৫ শতাংশের ওপর।

স্বাস্থ্য বিভাগের ধারণা, সবকিছু খুলে দেওয়ার পর বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং হাটবাজারে চলাচল অবাধ হয়ে গেছে, সেভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এতে সংক্রমণ বেড়ে চলেছে।

১৪ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৭। ১৫৮টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত হন ১১ জন। ১৫ সেপ্টেম্বর শনাক্তের হার বেড়ে যায়। ওই দিন ১০৪ জনের বিপরীতে শনাক্ত হন ১২ জন। হার ১১ দশমিক ৫। ১৬ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৭। শুক্রবার সেই হার হয়েছে ১৫ দশমিক ২।

আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার থেকে আজ সকাল আটটা পর্যন্ত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনার নমুনা দেওয়া ব্যক্তিদের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫, শ্রীমঙ্গলে ২, কমলগঞ্জে ১, বড়লেখায় ২, কুলাউড়ায় ৩ ও রাজনগরে ১ জন। এতে সারা জেলায় এখন করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ১২। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। সুস্থ হয়েছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রথম আলোকে বলেন, বেশির ভাগ মানুষের মুখে এখন মাস্ক দেখা যায় না। স্বাস্থ্যবিধিও উপেক্ষিত হচ্ছে।

জেলায় এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৬ হাজার ৮৮০। মারা গেছেন ৭২ জন। গত বছর ৪ এপ্রিল প্রথম মৌলভীবাজার জেলার রাজনগরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। পরে তাঁর নমুনা পরীক্ষা করার পর করোনা পজিটিভ ধরা পড়ে।