তিন দিনের মধ্যে ভাড়াটেদের তথ্য দিতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড সদরে বসবাসকারী বাসিন্দা ভাড়াটে ও বাড়ির মালিকদের পূর্ণাঙ্গ তথ্য দিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছে সীতাকুণ্ড পৌরসভা। আজ সোমবার ছিল প্রথম দিন। এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সাড়া মিলেছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

ভুয়া একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে গত জানুয়ারি মাসে কক্সবাজারের রামুর মো. জসিম উদ্দিন পরিচয়ে সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলার ‘ছায়ানীড়’ বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয় জঙ্গিরা। এরপর ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জসিম উদ্দিন পরিচয়ে প্রেমতলা থেকে এক কিলোমিটার দূরে আমিরাবাদের ‘সাধন কুটির’ নামের বাড়ির ফ্ল্যাটটিও ভাড়া নেওয়া হয়।

গত বুধবার বিকেলে সাধন কুঠির থেকে শিশুপুত্রসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছায়ানীড়ের বাড়িতে বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযান চালায়। এ সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত সীতাকুণ্ড সদরের বিভিন্ন স্থানে পৌরসভার মেয়রের পক্ষে মাইকিং করা হয়। এ সময় তিন দিন সময় বেঁধে দেওয়া হয় বাড়ির মালিকদের।

মাইকিংয়ে বলা হয়, ‘বাড়ির মালিকদের অনুরোধ করা যাচ্ছে যে আগামী তিন দিনের মধ্যে স্থানীয় কাউন্সিলের কাছে ভাড়াটেদের পূর্ণাঙ্গ তথ্য জমা দিন। এর মধ্যে তথ্য জমা না দিলে আপনার ভবনে কোনো জঙ্গি আস্তানার সন্ধান বা এ–সংক্রান্ত কিছু পাওয়া গেলে আপনি দায়ী থাকবেন।’

আজ বিকেলে সীতাকুণ্ড পৌর মেয়র বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের পৌরসভায় মোট নয়টি ওয়ার্ড রয়েছে। আমরা নয়টি ওয়ার্ডের নয়জন কাউন্সিলরের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া নির্ধারিত ফরম ফটোকপি করে দিয়েছি। ওই ফরমের একটি ফটোকপি ইতিমধ্যে বাড়ির মালিকদের কাছে দেওয়া হয়েছে। ফরম পূরণের পাশাপাশি ভাড়াটের জাতীয় পরিচয়পত্র, দুই কপি ছবিসহ অন্য সব তথ্য দিতে হবে। প্রাপ্ত তথ্যের এক কপি পৌরসভার কার্যালয়ে জমা থাকবে। এক কপি প্রশাসনের কাছে দেওয়া হবে। ঘোষণার প্রথম দিনে ব্যাপক সাড়া মিলেছে।’