ময়মনসিংহে জাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আটজনকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার পুলিশ আসামিদের সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি নূরানী জর্দা কারখানার মালিক মো. শামীম, তাঁর ছেলে হেদায়েত ইসলাম, কারখানার ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ও কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মচারী আরমান হোসেন, আলমগীর, আসাদুল হক, আবদুল হামিদ ও পারভেজকে গতকাল দুপুরে ময়মনসিংহের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান আসামিদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালতের হাকিম আহসান হাবিব আট আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানির আগে বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের আদালত আনার পর নূরানী জর্দা কারখানার শতাধিক নারী শ্রমিক আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মো. শামীমসহ গ্রেপ্তারকৃত আটজনের মুক্তির দাবি জানান। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। শুনানি শেষে তাঁরা আবারও আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
আদালত প্রাঙ্গণে মো. শামীমের স্ত্রী (নাম জানতে চাইলে তিনি মিসেস শামীম বলে পরিচয় দেন) সাংবাদিকদের বলেন, ৩৫ বছর ধরে তাঁর স্বামী জাকাত দিয়ে আসছেন। কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। এ বছর জাকাত দেওয়ার জন্য আনুমানিক ৬০০ ব্যক্তির মাঝে কার্ড বিতরণ করা হয়েছিল। কিন্তু খবর ছড়িয়ে পড়ায় অনেক বেশি লোক জড়ো হওয়ায় দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় ঘুমিয়ে ছিলেন বলে তিনি জানান।
গত শুক্রবার ভোরে জাকাতের কাপড় সংগ্রহ করতে ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী সড়কে নূরানী জর্দা কারখানার মালিক মো. শামীমের বাড়ির সামনে কয়েক হাজার লোক জড়ো হয়। পরে ফটক খুলে দেওয়ার পর ভিড়ের চাপে পদদলিত হয়ে ২২ নারী ও পাঁচ শিশু নিহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মো. শামীম ও তাঁর ছেলেসহ আটজনের নামে হত্যা মামলা করেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ময়মনসিংহ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।