তিন নেতা ছাড়া স্লোগান নয়, নেওয়া যাবে না ব্যানার ফেস্টুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারণার ব্যানার–ফেস্টুনে ঢাকা পড়েছে রুপালি গিটার চত্বর। চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে
ছবি: জুয়েল শীল

চট্টগ্রামে যুবলীগের সম্মেলন প্রাঙ্গণে কোনো ধরনের ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে প্রবেশ করা যাবে না। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক ছাড়া অন্য কারও নামে স্লোগান দেওয়া যাবে না।

গতকাল বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনস্থলে তিন নেতা ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে স্লোগান না দেওয়ার নির্দেশনা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্। চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের নেতা-কর্মীদের এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

২৮ মে যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা, ২৯ মে চট্টগ্রাম উত্তর জেলা এবং ৩০ চট্টগ্রাম নগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর হতে যাওয়া সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উত্তেজনা রয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনস্থল এবং চট্টগ্রাম নগরের সড়কদ্বীপ, সড়ক বিভাজক, সড়কের দুই পাশ, বহুতল ভবন, ফুটপাতসহ বিভিন্ন স্থানে বড় বড় ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন যুবলীগের পদপ্রত্যাশী নেতা-কর্মী ও তাঁদের সমর্থকেরা। এ ক্ষেত্রে আইন মানার প্রয়োজন মনে করেননি যুবলীগের নেতারা।

নগরের কোথাও ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো এবং তোরণ স্থাপন করতে হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি নিতে হয়। দিতে হয় নির্দিষ্ট ফি। কিন্তু সরকারি দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতারা এ অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেননি। যত্রতত্র ও অপরিকল্পিতভাবে ব্যানার-ফেস্টুন লাগানোর কারণে নগরের সৌন্দর্য ঢাকা পড়েছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, তাঁদের চাকরিজীবনে নগরে এভাবে ব্যানার-ফেস্টুন লাগাতে আগে কখনোই দেখেননি। এই নগরে মেয়র নির্বাচন হয়েছে, সংসদ নির্বাচন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্মেলন হয়েছে। কিন্তু এ রকম দেখা যায়নি কখনো।

এ নিয়ে 'প্রচারণায় আইন মানার গরজ নেই নেতা-কর্মীদের' শীর্ষক প্রতিবেদন বৃহস্পতিবার প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে।