তিন বছর আগে এনআইডি নেন আরসা নেতার ‘ভাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. শাহ আলী

আরাকান স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহর ‘ভাই’ মো. শাহ আলী ২০১৮ সালে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করেছিলেন। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বলছেন, এনআইডি জালিয়াত চক্রের মাধ্যমে ভুয়া ঠিকানা ব্যবহার করে ইসির সার্ভারে তাঁর নাম তুলে দেওয়া হয়েছিল।

অনুসন্ধানে দেখা গেছে, ইসির এনআইডি সার্ভারে মো. শাহ আলীর যে নিবন্ধন ফরমটি (ফরম-২) ব্যবহার করা হয়েছে, তা কেবল এক পৃষ্ঠার। সাধারণত নিবন্ধন ফরম দুই পৃষ্ঠার হয়। এখানে ফরমের দ্বিতীয় পৃষ্ঠাটি নেই। ওই পৃষ্ঠায় তথ্য সংগ্রহকারী, শনাক্তকারী ও যাচাইকারীর নাম ও এনআইডি নম্বর থাকে।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, শাহ আলীর আবেদনপত্রে তেমন কিছুই নেই। ভোটার হতে হলে অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এনআইডিটি ত্রুটিপূর্ণ হওয়ায় তখন থেকেই তা অকার্যকর আছে।

এদিকে শাহ আলী চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারের জয়নাব কলোনির স্থায়ী বাসিন্দা বলে পরিচয় দিলেও তাঁকে সেখানকার বাসিন্দারা চেনেন না। গতকাল সকালে সরেজমিন সেখানে গিয়ে শাহ আলীর ছবি দেখানো হয় বাসিন্দাদের। তাঁরা কেউ তাঁকে শনাক্ত করতে পারেননি।

ইসি সূত্র জানায়, ২০১৯ সালের আগস্ট মাসে চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে লাকী নামের এক নারী স্মার্ট কার্ড তুলতে গেলে বেরিয়ে আসে এনআইডি জালিয়াতির বিষয়টি। চক্রটি ধরা পড়ার পর ওই বছরই ত্রুটিপূর্ণ বেশ কিছু এনআইডি অকার্যকর (লক) করে দেওয়া হয়। কমিশনের হারিয়ে যাওয়া ল্যাপটপ ব্যবহার করে চক্রটি রোহিঙ্গা এবং অন্যদের ভোটার করত বলে তদন্তে উঠে এসেছে। শাহ আলী সেই পথে ভোটার তালিকায় নাম তুলেছিলেন।

গত রোববার শাহ আলীকে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তারের পর উখিয়া থানায় করা পুলিশের মামলার এজাহারে তাঁর কাছ থেকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজারের জয়নব কলোনির স্থায়ী ঠিকানা ব্যবহার করে শাহ আলী এনআইডি সংগ্রহ করেছেন। শাহ আলীকে উখিয়ার কুতুপালং ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করেছিল বলে জানায় পুলিশ।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, শাহ আলী কীভাবে এনআইডি নিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।