পুলিশ সাক্ষী হাজির করতে না পারায় চট্টগ্রাম আদালতে দুই বিচারকের এজলাসে জঙ্গিদের বোমা হামলার দুই মামলার বিচারকাজ আটকে রয়েছে। তিন বছরের মধ্যে মামলা দুটিতে ১৭ জন সাক্ষীর একজনকেও হাজির করতে পারেনি পুলিশ। এদের মধ্যে পাঁচজনই হলেন পুলিশের সদস্য। আজ শুক্রবার ওই জঙ্গি হামলার নয় বছর পূর্ণ হচ্ছে।
বর্তমানে মামলা দুটি চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে বিচারাধীন।
মামলার নথিতে দেখা গেছে, ২০০৫ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম আদালতের দ্বিতীয় যুগ্ম জেলা জজ আবু সৈয়দ দিলজার হোসেন ও মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলা চালায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।
২০০৮ সালের ২৭ জানুয়ারি মামলা দুটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দুই মামলায় সাক্ষী ৫৮ জন। ইতিমধ্যে ৪১ জন সাক্ষ্য দিয়েছেন। সর্বশেষ ২০১১ সালের ২৭ জুন ও ২০১০ সালের ১৬ মার্চ সাক্ষ্য গ্রহণ করা হয়। কিন্তু তিন বছর ধরে ধার্য দিনে বাকি ১৭ জন সাক্ষীর একজনকেও আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এসব সাক্ষীর মধ্যে রয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) এম এ কালাম, মিজানুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাউদ্দিন, কনস্টেবল (নং-১৪৪৬) আবু হানিফ, কনস্টেবল (নং-১৫৩) আবদুল জব্বার এবং আইনজীবী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ ব্যক্তি।
আদালত সূত্র জানায়, সাক্ষীদের হাজির করতে বিচারক গত আগস্ট মাসে চট্টগ্রাম পুলিশ কমিশনারসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। তাতেও কাজ হয়নি। গত ১৭ আগস্ট ও ১৭ সেপ্টেম্বর ধার্য দিন থাকলেও কোনো সাক্ষীকে হাজির করতে পারেনি পুলিশ। ১৮ অক্টোবর পরবর্তী দিন ধার্য রয়েছে।
মামলার দুই আসামির মধ্যে জেএমবির বোমা তৈরির কারিগর জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান পলাতক। তবে কারাগারে আটক জেমবির সামরিক কমান্ডার জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে ধার্য দিনে আদালতে হাজির করা হয়।
জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, তিন বছর ধরে আলোচিত দুই মামলার একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ। এভাবে বছরের পর বছর চলতে থাকলে জঙ্গিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা কঠিন হবে। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১৭১ (২) ধারা অনুযায়ী সাক্ষীকে আদালতে হাজির করার দায়িত্ব পুলিশের।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, সাক্ষীদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলেও সেই ঠিকানায় তাঁদের পাওয়া যাচ্ছে না। পুলিশ সাক্ষীকে না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক মাস হলো এখানে দায়িত্ব নিয়েছি। আগামী ধার্য দিনে অবশ্যই হাজির করার চেষ্টা থাকবে।
আবারও হামলার আশঙ্কা
এই মামলার আসামি বোমা মিজান ময়মনসিংহের ত্রিশালে গত ২৩ ফেব্রুয়ারি গুলি ও বোমাবর্ষণ করে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায়। এরপর আবারও হামলার আশঙ্কা করছেন বিচারক ও আইনজীবীরা।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ প্রথম আলোর কাছে বিস্ময় প্রকাশ করে বলেন, নয় বছর পার হলেও বিচারকের এজলাসে বোমা হামলার মামলা নিষ্পত্তি না হওয়া দুঃখজনক। জঙ্গিরা পলাতক থাকায় ফের হামলার শঙ্কায় থাকেন বিচারক ও আইনজীবীরা।