নান্দাইলের সড়ক
তিন বছরে শেষ হয়নি কাজ
সড়কটি নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল বাজারের ফিশারি মোড় থেকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া বাজার পর্যন্ত।
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের সংস্কারের কাজ শুরুর পরই বন্ধ করে দেন ঠিকাদার। গত তিন বছরেও তিনি কাজ শুরু করেননি। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছে সাতটি গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নান্দাইল উপজেলা কার্যালয়ের সূত্র জানায়, প্রায় তিন বছর আগে সড়কটি কার্পেটিং করার জন্য একটি প্রকল্প নেওয়া হয়। মূল্যায়ন, প্রাক্কলন ও দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০১৮ সালের ৪ ডিসেম্বর ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৩ কোটি ৫২ লাখ ৩৪ হাজার ৬৭২ টাকা। কাজটি পান ময়মনসিংহ নগরের বাসিন্দা ঠিকাদার মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ এপ্রিল সড়কটি সংস্কারের কাজ শেষ করার কথা ছিল।
এলাকাবাসী বলেন, সড়কটি নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল বাজারের ফিশারি মোড় থেকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া বাজার পর্যন্ত। সড়কের দুই পাশে নান্দাইল ও কেন্দুয়া উপজেলার গাঙ্গাইল, গড়া, সুরাশ্রম, সুন্দাইল, জলহরি, মধ্যগয়েশপুর ও পাইকুড়া বাজার। এ সাতটি গ্রামের ছয় হাজারের বেশি মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করে। এই গ্রামের বাসিন্দারা নান্দাইল, কেন্দুয়া ও তাড়াইলসহ একাধিক বাজারে পণ্য নিয়ে যান। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ভূমি কার্যালয় ও একাধিক প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় এ সড়ক দিয়ে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নান্দাইল-তাড়াইল আঞ্চলিক সড়কের পাশে নান্দাইল উপজেলার গাঙ্গাইল বাজার। ওই বাজারের ফিশারি মোড় থেকে গাঙ্গাইল উপস্বাস্থ্যকেন্দ্র হয়ে কয়েকটি গ্রামের ভেতর দিয়ে সড়কটি পাইকুড়া বাজারের দিকে চলে গেছে। আগে সড়কটির কোথাও কাঁচা আবার কোথাও ইট বিছানো ছিল। বর্তমানে গাঙ্গাইল বাজার থেকে প্রায় এক কিলোমিটার সড়ক খুঁড়ে দুই পাশে ইট গেঁথে বালু ও খোয়া ফেলে ভরাট করা হয়েছে। বাকি সড়কের কাজ শুরু করাই হয়নি। এ অবস্থায় দীর্ঘদিন ফেলে রাখায় যে এক কিলোমিটার সড়কে বালু-খোয়া ফেলা হয়েছিল, সেখানেও ছোট–বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে তাতে পানি জমে এবং শুকনা মৌসুমে ওড়ে ধুলা। সড়কের এ নাজুক অবস্থার মধ্যেও সারা দিন ট্রাক্টরে করে ইটভাটায় মাটি বহন করা হচ্ছে।
পাইকুড়া বাজার থেকে সুন্দাইল গ্রামের দিকের সড়কের অবস্থা বেশি খারাপ। সুন্দাইল গ্রামের জনতা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, সড়কটি সংস্কার করা হলে ইজিবাইকে স্কুলে যাতায়াত করা যেত।
একই গ্রামের বয়স্ক বাসিন্দা জাহেদ আলী (৭০) বলেন, সংস্কার না করায় এ সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। এ কারণে গ্রামের কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বিপাকে পড়তে হয়। কৃষক মো. নুরুল ইসলাম (৫৫) বলেন, ‘সড়কের বেহাল হওয়ায় আমরা কৃষিপণ্য বাজারে নিয়ে যেতে পারি না। পাইকারি ব্যবসায়ীরা এসে কৃষিপণ্য কিনে নিয়ে যান। এ জন্য উৎপাদিত পণ্য বাজারদরের চেয়ে কম দামে বিক্রি করতে হয়।’
সড়কটি সংস্কারকাজের ঠিকাদার জাহাঙ্গীর আলমের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে জাহাঙ্গীরের ব্যবসায়িক অংশীদার মো. সাইফুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়কে বালু-খোয়া ফেলার কাজ করে এলজিইডি কার্যালয়ে বিল জমা দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এরপর থেকে সড়কের কাজ বন্ধ রাখা হয়েছে। আগামী এক মাসের মধ্যে সড়ক কার্পেটিংয়ের কাজ শুরু করবেন বলে এলজিইডি কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. আল আমীন সরকার প্রথম আলোকে বলেন, বারবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার কাজ শেষ করতে পারেননি। কাজ বন্ধ রাখলে বিল দেওয়ার নিয়ম নেই। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় নতুন ঠিকাদার নিয়োগ করে আবার দরপত্র আহ্বান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
সড়কের কাজ শেষ না করায় ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহ-৯ (নান্দাইল) নান্দাইল আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদীন খান বলেন, এলজিইডি সড়কটি সংস্কারের জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু ঠিকাদারের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি। এতে যেমন মানুষের দুর্ভোগ বেড়েছে, তেমনি ক্ষুণ্ন হচ্ছে সরকারের সুনাম। এ বিষয়ে তিনি এলজিইডিকে ব্যবস্থা নিতে বলেছেন।