তিন ভাই একসঙ্গে খেলছিল, খালে গোসল করতে নেমে দুজন চলে গেল চিরতরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর পর স্বজনদের আহাজারি
ছবি: সুজন ঘোষ

শফিকুল, রবিউল ও মো. শামীম—তিন ভাই। তাদের মধ্যে শফিকুল ও রবিউল সহোদর। তাদের খালাতো ভাই মো. শামীম। আজ মঙ্গলবার দুপুরে তিনজন একসঙ্গে খেলছিল। এরপর মো. শামীম (১১) ও রবিউল ইসলাম (৬) এক ফাঁকে বাড়ির কাছের এক খালে গোসল করতে যায়। তারা কেউ সাঁতার জানত না। পানিতে নেমে তারা আর ওঠেনি। একসময় পানি থেকে উদ্ধার করা হয় তাদের প্রাণহীন দেহ।

এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায়। আজ বেলা একটায় এ দুর্ঘটনা ঘটে।

দুই শিশু চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি মাদ্রাসায় পড়ত। ঈদের ছুটিতে গত বুধবার বাসায় আসে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গোসল করার সময় শিশু দুটি ৫ নম্বর ব্রিজঘাটা খালে ডুবে যায়। পুলিশের সহায়তায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, নিহত শামীমের বাবা মনির হোসেন ও মা আয়েশা আক্তার এবং রবিউলের বাবা মো. আয়ুব আলী ও মা ইয়াসমিন আক্তার। আয়েশা ও ইয়াসমিন আপন বোন। তাঁরা নগরের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার পাশে লিজা কলোনিতে ভাড়া থাকেন।

নিহত রবিউলের বড় ভাই শফিকুল (১৫) ইসলাম বলে, দুপুরে তারা তিনজন একসঙ্গে খেলে। এরপর সে ঘরে চলে আসে। তার দুই ভাই এক ফাঁকে খালে গোসল করতে নেমে যায়। কিন্তু তারা সাঁতার জানত না। গোসল করতে নেমে ডুবে যায়।