তিন মাস পর বরিশাল বিভাগে করোনায় একজনের মৃত্যু
তিন মাসের বেশি সময় পর বরিশালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে বরগুনার আমতলী উপজেলার তোতা মিয়া (৭০) নামের ওই ব্যক্তি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।
এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃত্যু হলো ৬৮০ জনের। চলতি মাসের ২৫ দিনে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ১০ জনের। গতকাল থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৭১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৫০ জনের। শনাক্তের হার ৩৭ দশমিক ২৬।
আর জেলাভিত্তিক হারের দিক থেকে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে পিরোজপুরে। এ জেলায় শনাক্তের হার ৫০ দশমিক ৫৯। এ ছাড়া বরিশালে ১২০, ঝালকাঠিতে ১৩, ভোলায় ৩৫, বরগুনায় ১৪ ও পটুয়াখালীতে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ জানুয়ারি বিভাগে মাত্র ২ জন রোগী শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৭৭। ১০ জানুয়ারি পর্যন্ত তা ১ থেকে ৯ জনের মধ্যে ওঠানামা করে। এর পর থেকে তা দ্রুত বাড়তে থাকে। গতকাল এক দিনে ২৫৭ জনের করোনা শনাক্ত হয়। আজ তা কিছুটা কমে ২৫০ হয়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে আগের দিনের তুলনায় আজ শনাক্ত বেড়েছে ২ দশমিক ৯৫ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, শীত মৌসুমে এমনিতেই মানুষের শ্বাসতন্ত্রে প্রদাহ থাকে। এ কারণে দ্রুততার সঙ্গে ভাইরাসটি ছড়াচ্ছে। তবে আশার কথা, এবার মানুষ হাসপাতালমুখী হচ্ছে কম।
শ্যামল কৃষ্ণ মণ্ডল আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বরিশাল ও পিরোজপুর জেলায় সংক্রমণের হার বেশি। কারণ, এই দুই জেলা দক্ষিণ-পশ্চিমের সীমান্ত জেলাগুলোর সঙ্গে গোটা বিভাগের ট্রানজিট পয়েন্ট।