তিন মাসে লক্ষ্যমাত্রার অর্ধেকও সংগ্রহ হয়নি

গতকাল পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মোট বরাদ্দের ৩৭ দশমিক ২১ শতাংশ। দুই সপ্তাহ পর সংগ্রহ অভিযান শেষ হবে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানে গত তিন মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৭৮ দশমিক ৭৭ শতাংশ চাল কেনা হয়েছে। আর ধান কেনা হয়েছে মোট বরাদ্দের ৩৭ দশমিক ২১ শতাংশ। দুই সপ্তাহ পর সংগ্রহ অভিযান শেষ হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারিভাবে ধান ও চালের যে দাম নির্ধারণ করা হয়েছে, স্থানীয় বাজারে তার চেয়ে বেশি দামে ধান ও চাল বেচাকেনা হচ্ছে। এ কারণে খাদ্যগুদামে ধান সরবরাহ করতে কৃষক ও চালকলের মালিকেরা আগ্রহী হচ্ছেন না।

গত ২৮ এপ্রিল থেকে শুরু হয়েছে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান। ওই দিন থেকে যশোরে শুরু হয় শুধু ধান সংগ্রহ। এর ১০ দিন পর শুরু হয় চাল কেনা। ১৬ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, জেলার আটটি উপজেলার মধ্যে সদর, চৌগাছা এবং কেশবপুর উপজেলায় কৃষি অ্যাপের মাধ্যমে এবং অপর পাঁচটি উপজেলায় ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনা চলছে। জেলার হাটবাজারে বর্তমানে মোটা ধান ১ হাজার ২০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা এবং চিকন ধান ১ হাজার ৩২০ টাকা থেকে ১ হাজার ৩৩০ টাকা মণদরে বিক্রি হচ্ছে। গুদামে ধানের নির্ধারিত দাম ১ হাজার ৮০ টাকা মণ। ধানের বর্তমান বাজারদর এবং সরকার–নির্ধারিত দাম কাছাকাছি এবং ক্ষেত্রবিশেষ বেশি হওয়ায় কৃষকেরা গুদামে ধান দেওয়ার ‘ঝক্কিঝামেলা’ পোহাতে চান না।

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের কৃষক আইয়ুব হোসেন এবার চার বিঘা জমিতে ব্রি-৬৩ ধান চাষ করে ১১২ মণ ধান পেয়েছেন। নিজেদের খাওয়ার ৪০ মণ ধান রেখে অবশিষ্ট ৭২ মণ ধান তিনি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২২০ টাকা মণ দরে বিক্রি করেছেন। তিনি বলেন, এবার সরকারি দামের চেয়ে বাজারে ধানের দাম বেশি। ধান ওঠার মুখে দাম কিছুটা কম ছিল। পরে দাম বেড়েছে। সরকারি গুদামে ধান দেওয়া বেশ ঝামেলার। আর্দ্রতার কথা বলে অনেক সময় ধান ফেরত দেওয়া হয়। এতে সমস্যায় পড়তে হয়। কিন্তু স্থানীয় বাজারে এসব ঝামেলা নেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর কার্যালয় সূত্র জানায়, জেলায় এবার বোরো ধানের চাষ হয় ১ লাখ ৫৭ হাজার ৮৮০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৫৬ মেট্রিক টন ধান। তবে সরকারিভাবে কেনা হচ্ছে ২১ হাজার ৮৭৯ মেট্রিক টন ধান। অর্থাৎ, মোট উৎপাদনের ২ দশমিক শূন্য ২ শতাংশ ধান কেনা হচ্ছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, চলতি বোরো সংগ্রহ মৌসুমে যশোর জেলায় কৃষকের কাছ থেকে ২১ হাজার ৮৭৯ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জেলায় ২৪ হাজার ৫৯৪ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ১ হাজার ৫৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাল সরবরাহের জন্য ২৬৫ জন চালকলের মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। চাল ৪০ টাকা এবং ধান ২৭ টাকা কেজিদরে কেনা হচ্ছে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রি করতে পারেন।

গতকাল সোমবার পর্যন্ত জেলায় ৮ হাজার ১৪১ মেট্রিক টন ধান কেনা হয়েছে। আর সেদ্ধ চাল কেনা হয়েছে ১৯ হাজার ২২৫ মেট্রিক টন এবং আতপ চাল কেনা হয়েছে ৯৮২ মেট্রিক টন।

যশোর জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুর রহমান বলেন, সরকারিভাবে ধান ও চালের যে দাম নির্ধারণ করা হয়েছে, স্থানীয় বাজারে তার চেয়ে বেশি দামে ধান ও চাল বেচাকেনা হচ্ছে। এ কারণে খাদ্যগুদামে ধান সরবরাহ করতে কৃষক আগ্রহী হচ্ছেন না। বাজারে চালের দাম বেশি থাকায় চালকলের মালিকেরাও এখন ঠিকমতো চাল সরবরাহ করতে চাচ্ছেন না।