বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় ও ‘স্কুল অ্যান্ড কলেজকে’ তিন শ্রেণিতে ভাগ করে ভর্তি ও সেশন ফি নির্ধারণ করে একটি খসড়া নীতিমালা করেছে সরকার। এই নীতিমালা অনুসারে, ‘এ’ শ্রেণির প্রতিষ্ঠানে মহানগর এলাকায় সর্বোচ্চ ৩০ হাজার টাকা ভর্তি ও সেশন ফি নির্ধারণ করা হয়েছে। মহানগরবহির্ভূত এলাকায় তা হবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা। হাইকোর্টের রুলের জবাবে সরকার গতকাল মঙ্গলবার এ নীতিমালার খসড়া দাখিল করেছে।
‘এ’ শ্রেণির প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন মহানগর এলাকায় তিন হাজার টাকা ও মহানগরের বাইরে সর্বোচ্চ দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ৭০০ বা তাঁর বেশি শিক্ষার্থী এবং মানসম্মত শিক্ষক, শিক্ষা উপযোগী অবকাঠামোসহ আনুষঙ্গিক সুবিধা থাকলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ‘এ’ শ্রেণিতে পড়বে।
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন। রুলের জবাবে রাষ্ট্রপক্ষ ওই খসড়া নীতিমালা যুক্ত করে গতকাল বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে প্রতিবেদন দাখিল করে।
‘বি’ শ্রেণীর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও সেশন ফি মহানগর এলাকায় সর্বোচ্চ ১৮ হাজার টাকা এবং মহানগরবহির্ভূত এলাকায় সর্বোচ্চ সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন মহানগর এলাকায় সর্বোচ্চ দুই হাজার টাকা এবং মহানগরের বাইরে সর্বোচ্চ এক হাজার টাকা। ৪০০ থেকে ৭০০ শিক্ষার্থী এবং মানসম্মত শিক্ষক, শিক্ষা উপযোগী অবকাঠামোসহ আনুষঙ্গিক সুবিধা থাকলে ‘বি’ শ্রেণি ধরা হবে।
‘সি’ শ্রেণিতে মহানগর এলাকায় সর্বোচ্চ আট হাজার টাকা ভর্তি ও সেশন ফি এবং মহানগরবহির্ভূত এলাকায় সর্বোচ্চ চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ‘সি’ শ্রেণীর প্রতিষ্ঠানের ক্ষেত্রে মহানগর এলাকায় সর্বোচ্চ বেতন দেড় হাজার টাকা এবং মহানগরের বাইরের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ৪০০ বা তার থেকে নিচে শিক্ষার্থীর সংখ্যা এবং মানসম্মত শিক্ষক, শিক্ষা উপযোগী অবকাঠামোসহ আনুষঙ্গিক সুবিধা থাকলে ওই প্রতিষ্ঠান ‘সি’ শ্রেণিতে পড়বে।
খসড়া নীতিমালায় বলা হয়েছে, ভর্তি ফরম ও ফি বাবদ সরকার-নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিবন্ধন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নীতিমালায় ভর্তি ফরমের মূল্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৫০০ টাকা এবং অন্যত্র সর্বোচ্চ ৩০০ টাকা রাখা হয়েছে।
খসড়ায় আরও বলা হয়, ভর্তির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে শূন্য আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মূলধারায় সম্পৃক্ত করতে ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে তাদের জন্য ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। প্রতিষ্ঠানপ্রধান সংশ্লিষ্ট গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে স্বচ্ছতা বজায় রেখে ভর্তি পরীক্ষার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। কোনো ব্যত্যয় হলে প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
গত বছরের ১৬ সেপ্টেম্বর একটি দৈনিকে প্রকাশিত ‘ফ্রি স্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল’ শিরোনামের প্রতিবেদনের ভিত্তিতে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে দুই শিক্ষার্থীর অভিভাবক জাবেদ ফারুক রিট করেন।
রুলে এসব স্কুলে মাসিক বেতন, পুনর্ভর্তি ফি বা সেশন চার্জ আদায়ের বিষয়ে নীতিমালা তৈরি এবং তদারক সেল গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। এর ধারাবাহিকতায় খসড়া ওই নীতিমালাসহ প্রতিবেদন আদালতে দাখিল করেন সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি। তিনি প্রথম আলোকে বলেন, খসড়া নীতিমালা এখন চূড়ান্ত হওয়ার অপেক্ষায়।