তিনজনকে কারাদণ্ড, ৫০০ বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে তিতাস গ্যাসলাইন সংযোগের অভিযোগে তিনজনকে কারাদণ্ড এবং চারজনকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়া ওই অভিযানে ৫০০ বাড়ির ৪০০ মিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন অভিযানে নেতৃত্ব দেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত এ অভিযান চলে।
গাজীপুর তিতাসের কার্যালয়ের ব্যবস্থাপক (জোবিঅ-জয়দেবপুর) প্রকৌশলী মো. সুরুয আলম জানান, গাজীপুরের চত্বর বাজার ও রাজেন্দ্রপুর রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস-সংযোগের অভিযোগে স্থানীয় মো. সোবহান, মো. সোহেল ও নবী হোসেন নামের তিন ব্যক্তিকে ২ সপ্তাহ করে কারাদণ্ড এবং চত্বর বাজার সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমানকে ১ লাখ টাকা ও অপর ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৩০০ মিটার পাইপলাইন অপসারণ করে প্রায় ৩০০টি বাড়ির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিন গাজীপুর মহানগরের সালনা মধ্যপাড়া ও মন্ত্রী বাড়ি রোড এলাকায় ৪টি স্পটে অবৈধভাবে সংযোগ দেওয়া ১০০ মিটার পাইপলাইন অপসারণ ও ২০০ বাড়ির গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনার সময় গাজীপুর তিতাস গ্যাস আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী এস এম আবু সুফিয়ান, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপব্যবস্থাপক মো. আবদুল জলিল, মো. মোশাররফ হোসেন, মজিবুর রহমান ও মো. সাবিনুর রহমান উপস্থিত ছিলেন।