তিনটি গরু, পচা ধান আর খড়ই এখন জালাল মিয়ার সম্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে পচে যাওয়া ধান ও খড় রোদে শুকাচ্ছে জালাল মিয়ার পরিবার
প্রথম আলো

জালাল মিয়া এবার ১০০ শতক জমিতে বোরো চাষ করেছিলেন। কিন্তু ধান যখন পাকতে শুরু করে, তখনই আকস্মিক বন্যার খেত পানিতে তলিয়ে যেতে থাকে। শ্রমিক না পাওয়ায় তিনি দুই ছেলেকে নিয়ে দ্রুত ধান কাটতে থাকেন। তবে অর্ধেক খেতের ধানই পানিতে তলিয়ে যাওয়ায় আর ঘরে তোলা সম্ভব হয়নি। সেটা গত মে মাসের প্রথম দিকের কথা। যে ধান ও খড় শুকিয়ে ঘরে তুলেছিলেন, এবারের বন্যায় তা–ও শেষ হয়ে গেল। ছয় দিন ধরে তাঁর ঘরের মাচার ধান ও খড় পানিতে ডুবে ছিল। তবু হাল ছাড়েননি নেত্রকোনার কলমাকান্দার বাবনী গ্রামের ওই কৃষক।

আজ শুক্রবার বিকেলে দেখা যায়, জালাল মিয়া তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ির সামনে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে পচা ধান ও খড় রোদে শুকাতে দিয়েছেন। কিন্তু পানিতে ডুবে থাকার ফলে সিদ্ধ ধানগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। খড়েও পচন ধরেছে।

এই পচা ধানই আমরার সম্বল। এই পচাগলা ধান থাইক্কা যদি কিছু চাউল বাইর হয়, তাই খাওন লাগব।
জরিনা আক্তার, জালাল মিয়ার স্ত্রী

জালাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘এই ধান দিয়াই আমার দুই ছেলের ইস্কুলের খরচসহ সারা বছরের সংসার খরচ চলে। এবারের বন্যায় আমার সব শ্যাষ। গত মাসের পানিতে খেতের অর্ধেক ধানই ডুইব্বা পইচা গেছে। আর যে ধান কাইট্টা শুকাইয়া ঘরে তুলছিলাম, এক সপ্তাহের পানির নিচে থাইক্কা সেগুলো নষ্ট হয়ে গেছে। অহন এই পচা ধান, খেড় আর দুইডা গরু ছাড়া কিছুই নাই। সব নষ্ট হইয়া গেছে। বন্যার পানিতে দুইডা ছাগল, পনেরোডা হাঁস আর বারোডা মুরগি ভাইসা গেছে। ঘরের থালবাসনডি খালি আছে। আর সব শ্যাষ।’

জালাল মিয়ার স্ত্রী জরিনা আক্তার বলেন, ‘এই পচা ধানই আমরার সম্বল। আইজ বালা রইদ উঠছে। বাড়িতে অহনো পানি থাহনে রাস্তায় আইন্না তা শুকাইতাছি। এই পচাগলা ধান থাইক্কা যদি কিছু চাউল বাইর হয়, তাই খাওন লাগব।’

এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের ৩৪৩টি গ্রামের মানুষেরই কমবেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী লেংগুরা, খারনৈ, রংছাতি ইউনিয়নের ছয় শতাধিক কাঁচাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ত্রাণ সহযোগিতা করা হচ্ছে। জালাল মিয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।